ক্যারিবীয় স্বপ্নের সীমানা গেছে বেড়ে

টুর্নামেন্টটি উপমহাদেশে হচ্ছে বলে যুব বিশ্বকাপের আগে সম্ভাব্য চ্যাম্পিয়ন হিসেবে উচ্চারিত হচ্ছিল ভারত, বাংলাদেশ, পাকিস্তান ও শ্রীলঙ্কার নাম। ‘অল এশিয়ান’ সেমিফাইনাল কিংবা ফাইনাল—এমনটাই ছিল অনেকের অনুমান। ভারত ঠিকই ফাইনালে উঠে গেছে। তবে প্রতিপক্ষ হিসেবে তারা পায়নি বাংলাদেশ, পাকিস্তান কিংবা শ্রীলঙ্কার কাউকে। শিরোপা জয়ের লক্ষ্যে তারা মাঠে নামবে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে।
কোয়ার্টার ফাইনালে যেদিন পাকিস্তানকে হারিয়ে সেমিফাইনাল নিশ্চিত করল ওয়েস্ট ইন্ডিজ অনূর্ধ্ব-১৯ দল, সেদিন বেশ ‘খুশি’ই হয়েছিল বাংলাদেশ! কাল বাংলাদেশের মুখ থেকে সেই হাসিটা কেড়ে নিয়ে যুব বিশ্বকাপে নিজেদের দ্বিতীয় ফাইনাল নিশ্চিত করল ওয়েস্ট ইন্ডিজ।
অবশ্য বাংলাদেশের কাছে শেষ চারের প্রতিপক্ষ হিসেবে পাকিস্তানের চেয়ে ওয়েস্ট ইন্ডিজ বেশি কাঙ্ক্ষিত হওয়ার যৌক্তিক কারণও ছিল। কন্ডিশনের ব্যাপার তো ছিলই, সঙ্গে বিশ্বকাপের আগে তিন ম্যাচের সিরিজে ধবলধোলাইয়ের ঘটনাও আত্মবিশ্বাসী করে তুলেছিল মেহেদী হাসান মিরাজদের।
কিন্তু এটি যেন বুমেরাং হয়ে গেল বাংলাদেশের জন্য। মেহেদীদের নিয়ে ভালোভাবেই ‘হোমওয়ার্ক’ করতে পেরেছে ক্যারিবীয়রা। তা ছাড়া বিশ্বকাপ অভিযানে সবার আগে বাংলাদেশে পা রেখেছিল ওয়েস্ট ইন্ডিজ। আগেভাগে চলে আসায় বিরুদ্ধ কন্ডিশনের সঙ্গে দারুণভাবে খাপ খাইয়ে নিতে পেরেছে তারা। ক্যারিবীয় যুবদলের অধিনায়ক শিমরান হেটমায়ার তাই বললেন, ‘৩-০-এর পর এটা বড় রূপান্তর। আসলে কন্ডিশনের সঙ্গে খেলোয়াড়দের অভ্যস্ত হতে একটু সময় লেগেছে। ওয়েস্ট ইন্ডিজ থেকে এখানে আসার পর বল সেভাবে টার্ন করেনি স্পিনারদের। উইকেটের সঙ্গে মানিয়ে নিতে একটু সময় লেগেছে।’
কাল ওয়েস্ট ইন্ডিজকে হয়তো অতীতও প্রেরণা জুগিয়েছে। এর আগে যুব বিশ্বকাপে তারা একবারই ফাইনাল খেলেছে, ২০০৪ সালে। আর সেটি বাংলাদেশের মাটিতেই। আবারও সেই বাংলাদেশে ক্যারিবীয় যুবদল ফাইনাল খেলবে। পার্থক্য একটাই, সেবার প্রতিপক্ষ ছিল পাকিস্তান আর এবার ভারত।
এমনিতে দীর্ঘদিন নানা নেতিবাচক খবরে আকীর্ণ ওয়েস্ট ইন্ডিজের ক্রিকেট। এর মধ্যে অন্তত একটি সুখবর দিল তাদের অনূর্ধ্ব-১৯ দলটি। এই সাফল্য কি ‘বড়’দের বড় বার্তা দেবে? হেটমায়ার অবশ্য এড়িয়ে যেতে চাইলেন বিষয়টি, ‘সম্ভবত। সত্যি বলতে, এই প্রসঙ্গে কিছু বলতে চাই না। এতটুকু বলতে পারি, দারুণ একটা দল আমাদের। আগামী ৫-১০ বছরে ওয়েস্ট ইন্ডিজ দলে খেলার মতো দারুণ কিছু তরুণ খেলোয়াড় রয়েছে এই দলে।’
উপমহাদেশের স্পিনবান্ধব উইকেটে ফাইনালে উঠে ওয়েস্ট ইন্ডিজের স্বপ্নের সীমাটা গেছে বেড়ে। তবে বাংলাদেশের মাটিতে ওয়েস্ট ইন্ডিজের ফাইনাল খেলার স্মৃতি মোটেও সুখকর নয়। ‘বড়’রা ১৯৯৮-এর ‘মিনি বিশ্বকাপ’ হেরেছিল এখানেই। আর ‘ছোট’রা যুব বিশ্বকাপ হেরেছিল ২০০৪ সালে। হেটমায়ারদের সামনে এবার অতীতের দুঃখমোচনের চ্যালেঞ্জ।