ক্যারিবীয়দের অশনিসংকেত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রভাতেই নাকি বোঝা যায় দিনটা কেমন যাবে। সে রকম হলে ওয়েস্ট ইন্ডিজের কপালে বড় দুর্ভোগই লেখা আছে। অস্ট্রেলিয়ায় এসে প্রথম প্রস্তুতি ম্যাচেই ক্রিকেট অস্ট্রেলিয়া একাদশের কাছে ১০ উইকেটে হার তো একটা অশনিসংকেতই! অধিনায়ক জেসন হোল্ডার স্বীকার করলেন, ১০ ডিসেম্বর হোবার্ট টেস্ট দিয়ে সিরিজের আগে সমালোচনাই তাদের প্রাপ্য।
১৯৯৭ সালের পর অস্ট্রেলিয়ায় কোনো টেস্ট জিততে পারেনি ওয়েস্ট ইন্ডিজ। সিরিজ সূচক প্রস্তুতি ম্যাচটিতে এমন পারফরম্যান্সের পর সেই অপেক্ষাটা বাড়ছে বলেই ধরে নেওয়া যায়। প্রস্তুতি ম্যাচে লজ্জার পর হোল্ডার অবশ্য কোনো অজুহাত খোঁজেননি, ‘কখনো কখনো সবাইকে একটু বেশি দায়িত্ব নিতে হয়। সেই ভুলের দায় নিয়েই আমাদের আরও বেশি ইতিবাচক হতে হবে। আমরা কোনো অজুহাত খুঁজছি না, শুধু উন্নতি করতে চাচ্ছি।’
সাদা পোশাকে ওয়েস্ট ইন্ডিজ এ বছর শুধু ইংল্যান্ডের সঙ্গেই সিরিজ ড্র করতে পেরেছে ঘরের মাঠে, হেরেছে অস্ট্রেলিয়া ও শ্রীলঙ্কার কাছে। হোল্ডার জানেন এ রকম চলতে থাকলে খোঁচা খেতেই হবে, ‘অবশ্যই আমাদের এখন সমালোচনার মধ্য দিয়ে যেতে হচ্ছে। এই পর্যায়ে এসে আমাদের সামনে এগোতে হবে, বেশ কয়েক মাস ধরে আমরা একটা স্থবির অবস্থায় আছি।’
কিন্তু এই সময়ে সাবেকদেরও পাশে পাচ্ছেন না হোল্ডার। সাবেক ক্যারিবিয়ান ফাস্ট বোলার অ্যান্ডি রবার্টস যেমন সরাসরিই বলে দিয়েছেন, ‘আমাদের কোনো সুযোগ নেই (অস্ট্রেলিয়া সিরিজে)। কারণ, আমরা ব্যক্তিগত উন্নতিতে বিশ্বাসী নই। আমাদের এখানে কেউ ডাবল সেঞ্চুরি করলে আপনাকে ধরে নিতে হবে সে আসলে ৫০ বা ১০০ করার যোগ্য।’ দলে নতুন প্রতিভার আকালকেও বড় করে দেখছেন রবার্টস। এএফপি।