ক্যারিবীয় ক্রিকেটে আবার জাতীয় নাকি আইপিএল বিতর্ক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ওয়েস্ট ইন্ডিজে তীব্র সমালোচনা হচ্ছে কার্লোস ব্রাফেটকে নিয়ে। পাকিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজ শুরু হচ্ছে, আর এর মধ্যে তিনি খেলতে যাচ্ছেন আইপিএল! ব্রাফেট অবশ্য বুঝতে পারছেন না সমালোচনার কারণ। তাঁর কথা, ওয়ানডে দলে তো তিনি নেই। এই সময়ে আইপিএল-যাত্রা নিয়ে কেন এত কথা!

শুক্রবার নিজ দেশে পাকিস্তানের বিপক্ষে শুরু হচ্ছে ওয়েস্ট ইন্ডিজের ওয়ানডে সিরিজ। সিরিজটি ওয়েস্ট ইন্ডিজের জন্য গুরুত্বপূর্ণ। সেপ্টেম্বরের মধ্যে র‍্যাঙ্কিংয়ের আটে ওঠা জরুরি সরাসরি বিশ্বকাপ খেলতে। আটে থাকা পাকিস্তানের পয়েন্ট এখন ৮৯, ওয়েস্ট ইন্ডিজের ৮৪। ৩-০তে সিরিজ জিতলে আটে চলে যাওয়ার সুযোগ আছে তাদের এই সিরিজেই। আর এমন সিরিজে কিনা নেই গত টি-টোয়েন্টি বিশ্বকাপের নায়ক!
কিছু পত্রপত্রিকায় লেখা হয়েছে, ব্রাফেট নিজে নাকি জাতীয় দলের বদলে লোভনীয় এই টি-টোয়েন্টি লিগে খেলতে চেয়েছেন। এরপরই শুরু হয় বিতর্ক। তবে সামাজিক মাধ্যমে নিজের অবস্থান ব্যাখ্যা করে ব্রাফেট লিখেছেন, জাতীয় দল থেকে বাদ পড়ার কারণেই এই সিদ্ধান্ত নিয়েছেন তিনি।
ওয়েস্ট ইন্ডিজ কোচ স্টুয়ার্ট লও ব্রাফেটের আইপিএল খেলার পক্ষে বলেছেন। ওয়ানডে দল থেকে বাদ পড়া ব্রাফেট বরং আইপিএলে গিয়ে নিজের সমস্যাগুলো সমাধানের সুযোগ পাবেন। দিল্লি ডেয়ারডেভিলসের মেন্টর রাহুল দ্রাবিড়ের সঙ্গে কাজ করার সুযোগও থাকছে।
গত টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালের শেষ ওভারের বীরত্ব ব্রাফেটের ক্যারিয়ার অন্য উচ্চতায় তুলে দিয়েছিল। সর্বশেষ বেশ কিছু দিন ধরেই ক্যারিবীয় দলের ওয়ানডে দলের অন্যতম গুরুত্বপূর্ণ অংশ তিনি। ওয়েস্ট ইন্ডিজের শেষ ২০ ওয়ানডের ১৯টিতেই খেলেছেন ব্রাফেট। ড্যারেন স্যামি বরখাস্ত হওয়ার পর তাঁকে টি-টোয়েন্টি অধিনায়কও করা হয়। ইংল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজে ওয়েস্ট ইন্ডিজ ৩-০-তে হেরে যাওয়ার পর পাকিস্তানের বিপক্ষে শুক্রবার থেকে শুরু হতে যাওয়া সিরিজে ব্রাফেটকে বাদ দিয়েই দল বানিয়েছে ওয়েস্ট ইন্ডিজ।
২৩ ওয়ানডে ক্যারিয়ারে ব্রাফেটের একটিও ফিফটি নেই। ফলে সাম্প্রতিক ফর্ম নিয়ে তাঁর ওয়ানডে দলে থাকা-না থাকা মূল্যায়ন করা কঠিন। তবে পাকিস্তানের বিপক্ষে তিনটি টি-টোয়েন্টিতে তাঁর ত্রিশের ঘরের দুটি অপরাজিত ইনিংস আছে। টি-টোয়েন্টির এই ব্যাটিং দেখার কারণেই হয়তো ওয়ানডে দলে তাঁর না থাকা চোখে লেগেছে অনেকের।