ক্যারিবীয় দলেই ছিল বিভক্তি!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারতের বিপক্ষে ধর্মশালায় চতুর্থ ওয়ানডেতে টসের সময় অধিনায়ক ডোয়াইন ব্রাভোর সঙ্গে মাঠে নেমে পড়েছিল পুরো ওয়েস্ট ইন্ডিজ দলই। আকস্মিকভাবে সিরিজ বর্জন করার অনভিপ্রেত সিদ্ধান্ত ঘোষণা করেন ব্রাভো। কিন্তু দলটি যে এককাট্টা হয়েই সিদ্ধান্ত নিয়েছে সেটির প্রমাণ ওই যূথবদ্ধ হওয়া। কিন্তু এখন জানা যাচ্ছে, দলের মধ্যে ছিল ভিন্নমত। নিজেদের মধ্যেই লেগে গেছেন মারলন স্যামুয়েলস ও ডোয়াইন ব্রাভো! অসমাপ্ত সিরিজের সর্বোচ্চ রানসংগ্রাহক (২৫৪ রান) মারলন স্যামুয়েলস নাকি ভারত সফর শেষ করেই ফিরতে চেয়েছিলেন! এটা শুনে রীতিমতো আকাশ থেকে পড়েছেন ডোয়াইন ব্রাভো। ক্রিকইনফো।
মারলন স্যামুয়েলস
যেহেতু ডব্লুআইপিএ (ক্যারিবীয় ক্রিকেটারদের সংগঠন) সভাপতি ওয়েভেল হাইন্ডস আমার হয়ে মধ্যস্থতা করতে পারবেন না, কাজেই আমি জানতাম যে একবার যখন খেলা শুরু করেছি, সিরিজ শেষেই প্রশ্ন তোলা উচিত। আমার কাছে সবার আগে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট, তাই আমি খেলাতেই মনঃসংযোগ করতে চেয়েছি। আমি অধিকাংশ মিটিংয়েই হয়তো রুমে বসে হোটেল সার্ভিসকে ফোন দিচ্ছিলাম। আমি ওসব মিটিংয়ে যাইনি। অনেকগুলো মিটিং হয়েছে, কিন্তু সেগুলোয় যাওয়ার মতো সময় আমার ছিল না।
ডোয়াইন ব্রাভো
মিডিয়ার রিপোর্টে আমি মিস্টার মারলন স্যামুয়েলসের মন্তব্য দেখেছি। আমি বলতে চাই, তাকে মিটিংয়ে আমন্ত্রণ জানানো হয়েছিল এবং সে বেশির ভাগ মিটিংয়েই অংশ নিয়েছে। সে ডব্লুআইপিএর সদস্য নয়, এটা জেনেই তাকে আমরা আমন্ত্রণ জানিয়েছিলাম। তবে মিস্টার স্যামুয়েলস এতে উৎসাহী ছিল এবং আলোচনার সময় বেশ জোরালো কণ্ঠেই জানিয়েছিল, দলের যেকোনো সিদ্ধান্তের সঙ্গেই সে একমত থাকবে। তার বিবৃতিতে আমি ধাক্কা খেয়েছি।