ক্যারিবীয় পেসে চূর্ণ পাকিস্তান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সে একদিন ছিল! ক্রিকেট বিশ্ব দাবড়ে বেড়াত ওয়েস্ট ইন্ডিজ নামের এক দল। তাদের ফাস্ট বোলাররা ছিঁড়েখুঁড়ে ফেলতেন প্রতিপক্ষকে। রূপকথার মতো সেদিনগুলোই কাল যেন ফিরে এল ব্রিজটাউনে। গ্যাব্রিয়েল-জোসেফ-হোল্ডাররা মিলে স্রেফ ‘খুন’ করলেন পাকিস্তানকে। মিসবাহ-ইউনিসদের মাত্র ৮১ রানে অলআউট করে ১০৬ রানে জিতেছে ক্যারিবীয়রা। সিরিজে সমতাও ফিরল এতে।
জিততে হলে চতুর্থ ইনিংসে পাকিস্তানকে করতে হতো ১৮৮ রান। চতুর্থ ইনিংসে শেষ দিনের ভেঙে যাওয়া উইকেটে কাজটা সহজ ছিল না। তবে প্রায় সারাটা দিনই তো পড়ে ছিল পাকিস্তানিদের সামনে। কিন্তু পঞ্চম দিনের উইকেটে পাকিস্তান টিকতে পারল না চা-বিরতি পর্যন্তও। এর আগে আগের দিনের ৬ উইকেটের সঙ্গে কাল আরও ১টি উইকেট নিয়ে ওয়েস্ট ইন্ডিজের দ্বিতীয় ইনিংস ২৬৮ রানে মুড়ে দিয়েছিলেন ইয়াসির শাহ।
পাকিস্তানি লেগ স্পিনারের পাল্টা জবাব হতে পারবেন দেবেন্দ্র বিশু? পাকিস্তানের ইনিংস শুরুর আগে প্রশ্ন ছিল এটাই। কী আশ্চর্য, ওয়েস্ট ইন্ডিয়ান লেগ স্পিনার বল হাতে পাওয়ার আগেই কিনা শেষ ম্যাচ! শ্যানন গ্যাব্রিয়েল, আলজারি জোসেফ ও জ্যাসন হোল্ডাররা মিলে ৩৪.৪ ওভারের মধ্যেই শেষ করে দিলেন পাকিস্তানকে।
পাকিস্তানের বিপর্যয়ে উইকেটের রহস্যময় আচরণেরও একটা ভূমিকা ছিল। বল পিচে পড়ে অসমানভাবে উঠছিল। আর এমন উইকেটেই লাইন লেংথ ঠিক রেখে টানা বল করে গেলেন স্বাগতিক পেসত্রয়ী। ১১ রানে ৫ উইকেট নিয়ে ধ্বংসযজ্ঞে নেতৃত্ব দিয়েছেন গ্যাব্রিয়েল। ২৪ টেস্টের ক্যারিয়ারে ২৯ বছর বয়সী পেসারের এটিই সেরা বোলিং।
প্রথম ৪০ বলে মাত্র ১০ রান—সাবধানি শুরুই করেছিলেন পাকিস্তানি ওপেনাররা। সপ্তম ওভারের পঞ্চম বলে গ্যাব্রিয়েলের শর্ট বলে পুল করতে গিয়ে মিড উইকেটে ক্যাচ দিলেন আজহার আলী। চার বল পর জোসেফের লেগ সাইড দিয়ে বেরিয়ে যাওয়া বলে খোঁচা মেরে উইকেটকিপারকে ক্যাচ দিয়ে ক্যারিয়ারের প্রথম জোড়া শূন্য উপহার পেলেন বাবর আজম। বিপদ আরও বাড়ল ২৭ রানে ইউনিস খান হোল্ডারের বলে এলবিডব্লু হয়ে গেলে। এরপর দলকে ৩০ রানে রেখে গ্যাব্রিয়েলের এক ওভারে আউট মিসবাহ ও আসাদ শফিক।
মিসবাহর বিপক্ষে এলবিডব্লুর আবেদন করে ব্যর্থ হয়ে রিভিউ নেয় ওয়েস্ট ইন্ডিজ। তাতে দেখা গেল এলবিডব্লু নয়, মিসবাহর ব্যাটের কানায় লেগে ক্যাচ উঠেছে গালির ফিল্ডার শাই হোপের হাতে। দুই বল পর খোঁচা মেরে স্লিপে কাইরান পাওয়েলের হাতে ক্যাচ শফিক। এরপর ৩৬ রানে ৭ উইকেট পড়ার পর পাকিস্তানের সর্বনিম্ন স্কোর (৪৯) নিয়ে গবেষণা শুরু। পাকিস্তান বেঁচেছে (!) অষ্টম উইকেটে সরফরাজ ও আমির পাল্টা আক্রমণে ৪২ রান তুলে নেওয়ায়। ৭৮ রানে গ্যাব্রিয়েল আমিরকে ফেরানোর পর আর ৩ রান যোগ হতেই শেষ পাকিস্তান।
সিরিজের শেষ টেস্ট শুরু হবে ১০ মে ডমিনিকায়। তথ্যসূত্র: টেন ৩ ও ক্রিকইনফো।