ক্যারিবীয় মেয়েরা ফাইনালে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
.
.

স্বপ্নপূরণে বড় এক ধাপ পেরিয়েছে ওয়েস্ট ইন্ডিজের মেয়েরা। মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে কাল সেমিফাইনালে নিউজিল্যান্ডকে ৬ রানে হারিয়ে প্রথমবারের মতো টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে উঠেছে তারা।
ওয়েস্ট ইন্ডিজ বড় স্কোর গড়তে পেরেছে স্টেফানি টেলর-ব্রিটনি কুপারের দ্বিতীয় উইকেটে ৬০ ও ডিয়ান্ড্রা ডটিন-কুপারের তৃতীয় উইকেট জুটির ৪৪ রানের কল্যাণে। কুপার করেছেন সর্বোচ্চ ৬১ রান। ২২ রানে ৪ উইকেট নিয়ে কিউই বোলারদের মধ্যে সফলতম নাম পেসার সোফি ডিভাইন।
১৪৪ রান তাড়া করতে নেমে ভালোই এগোচ্ছিল নিউজিল্যান্ড, ১২ ওভারে ৩ উইকেটে ৮১ রান করে ফেলেছিল। ৪৮ বলে তাদের দরকার ছিল ৬৩ রান। কিউইরা ১৩ থেকে ১৮—এই ৬ ওভারে ৩৮ রান করেই পিছিয়ে পড়ে। শেষ পর্যন্ত করতে পারে ১৩৭ রান।
মেয়েদের টি-টোয়েন্টি বিশ্বকাপে দুবার রানার্সআপ ও টুর্নামেন্টে অন্যতম ফেবারিট নিউজিল্যান্ডকে হারিয়ে প্রথম ফাইনালে উঠে উচ্ছ্বসিত উইন্ডিজ মেয়েদের অধিনায়ক টেলর, ‘এটার জন্য আমরা অনেক দিন অপেক্ষা করছি। ফাইনালে উঠতে পেরে অন্য রকম লাগছে। জানতাম, যদি ধারাবাহিকতা ধরে রাখতে পারি, এ ম্যাচে আমরাই জিতব।’ নিউজিল্যান্ড অধিনায়ক সুজি বেটসেরও প্রশংসা পাচ্ছে ওয়েস্ট ইন্ডিজ, ‘যেভাবে ব্যাটিং করেছে, কৃতিত্বটা ওয়েস্ট ইন্ডিজকে দিতে হবে। বিশেষ করে কুপারের ইনিংস ছিল অসাধারণ।’
৩ এপ্রিল ইডেনে মেয়েদের ফাইনালে ওয়েস্ট ইন্ডিজের প্রতিপক্ষ অস্ট্রেলিয়া।
সংক্ষিপ্ত স্কোর
ওয়েস্ট ইন্ডিজ: ২০ ওভারে ৬ উইকেটে ১৪৩ (টেলর ২৫, কুপার ৬১, ডটিন ২০; ডিভাইন ৪/২২)।
নিউজিল্যান্ড: ২০ ওভারে ৮ উইকেটে ১৩৭ (ডিভাইন ২২, ম্যাকগ্লাশান ৩৮, সাটার্থওয়েট ২৪; টেলর ৩/২৬)।
ফল: ওয়েস্ট ইন্ডিজ ৬ রানে জয়ী।
প্লেয়ার অব দ্য ম্যাচ: ব্রিটনি কুপার।