ক্যারিবীয়দের আত্মসমর্পণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
২৭ রানে ৫ উইকেট—কাল হোবার্টে ক্যারিয়ার–সেরা বোলিং করলেন প্যাটিনসন l এএফপি
২৭ রানে ৫ উইকেট—কাল হোবার্টে ক্যারিয়ার–সেরা বোলিং করলেন প্যাটিনসন l এএফপি

এক দল চার সেশন ব্যাট করে ৪ উইকেটে করল ৫৮৩ রান। আরেক দল চার সেশনের কিছু কম সময় ব্যাটিং করেই অলআউট হলো দুবার। প্রথম দলটি অস্ট্রেলিয়া, দ্বিতীয়টি ওয়েস্ট ইন্ডিজ। ফল, আরেকটি একতরফা ম্যাচ যোগ হলো টেস্ট পঞ্জিকায়। তৃতীয় দিনের চা-বিরতির আগেই শেষ হওয়া হোবার্টের ম্যাচটায় ক্যারিবীয়রা হেরেছে ইনিংস ও ২১২ রানে।
বিস্মরণযোগ্য এক ম্যাচ। তবে এই ম্যাচটাই স্মরণীয় হয়ে থাকছে জেমস প্যাটিনসনের কাছে। ১৮ মাসের মধ্যে প্রথম টেস্ট খেলা অস্ট্রেলীয় পেসার ২৭ রানে ৫ উইকেট নিয়ে ওয়েস্ট ইন্ডিজের দ্বিতীয় ইনিংসটা ধসিয়ে দিয়েছেন। ১৪ টেস্টের ক্যারিয়ারে প্যাটিনসনের এটাই সেরা বোলিং।
দ্বিতীয় ইনিংসে আদ্যন্ত ব্যাট করে ম্যাচটাকে স্মরণীয় করে রাখতে পারতেন ওয়েস্ট ইন্ডিজের ক্রেগ ব্রাফেটও। ক্যারিবীয়দের ১৪৮ রানের দ্বিতীয় ইনিংসের ৯৪ রানই এই ওপেনারের। ব্রাফেট আউট হয়েছেন নবম ব্যাটসম্যান হিসেবে। পায়ের চোটে শ্যানন গ্যাব্রিয়েল ব্যাট করতে না পারায় ওখানেই থেমেছে দলটির ইনিংস। অবশ্য ওয়েস্ট ইন্ডিজের দ্বিতীয় ইনিংসের ৬৩.৫১ ভাগ রান একাই করে রেকর্ড বইয়ের পাতায় নিজের নাম লিখিয়েছেন ব্রাফেট। টেস্টে পূর্ণাঙ্গ ইনিংসে শতকরা রানের হিসাবে চতুর্থ হলেও হোবার্টের ইনিংসটা ওয়েস্ট ইন্ডিয়ান ব্যাটসম্যানদের মধ্যে ব্রাফেটকে রেখেছে সবার ওপরে।
ব্রাফেট সেঞ্চুরি না পেলেও প্রথম ইনিংস তিন অঙ্ক পেরিয়েছেন ৯৪ রান নিয়ে দিন শুরু করা ড্যারেন ব্রাভো। প্রথম ইনিংসে ১০৮ রান করে শেষ ব্যাটসম্যান হিসেবে ফিরলেও দ্বিতীয় ইনিংসে ফিরেছেন চটজলদিই। দিনের প্রথম সেশনে মাত্র ৬ ওভারের মধ্যে দুবার আউট হওয়ার দুর্লভ ‘কীর্তি’ও গড়ে ফেলেছেন ব্রাভো।
৬ উইকেটে ২০৭ রান নিয়ে দিন শুরু করা ওয়েস্ট ইন্ডিজ অলআউট ৫ ওভারে আর মাত্র ১৬ রান যোগ হতেই। ৩৬০ রানে এগিয়ে থাকা অস্ট্রেলিয়া আবার ব্যাট করতে না নেমে ওয়েস্ট ইন্ডিজকে ফলোঅন করিয়ে পুরোনো স্মৃতিও উপহার দিয়েছে দর্শকদের। ছয় বছর পর অস্ট্রেলিয়ার মাটিতে প্রতিপক্ষকে ফলোঅন করালেন অস্ট্রেলিয়ার কোনো অধিনায়ক।

ক্লান্তিতত্ত্ব ভুলে লাঞ্চের আগেই অস্ট্রেলীয় পেসাররা অধিনায়ককে উপহার দিলেন আরও ৫ উইকেট। বৃষ্টিতে একটু আগেভাগেই নিয়ে নেওয়া হয় লাঞ্চবিরতি আর তার আগেই ৩৫ রানেই ৫ উইকেট হারিয়ে ফেলে ওয়েস্ট ইন্ডিজ। নিজেদের ইতিহাসের সবচেয়ে বড় পরাজয়টাই হুমকি দিচ্ছিল ওয়েস্ট ইন্ডিজকে। শেষ পর্যন্ত ব্রাফেটের ব্যাটেই লজ্জা নিবারণ ক্যারিবীয়দের।

দুই দিন আগেই শেষ হয়েছে টেস্ট। তাই দ্বিতীয় টেস্টের জন্য ওয়েস্ট ইন্ডিয়ানরা পুরো দুই সপ্তাহ সময় পাচ্ছে নিজেদের প্রস্তুত করার। সিরিজের দ্বিতীয় টেস্ট শুরু হবে ২৬ ডিসেম্বর, মেলবোর্নে। তথ্যসূত্র: ক্রিকইনফো।