ক্যারিবীয়দের থামাতে হোয়াটমোর-অঙ্ক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রথম দুটি বিশ্বকাপ ঘরে তোলা ওয়েস্ট ইন্ডিজ অনেক দিন ধরেই বিগত যৌবনা এক দল। তার ওপর গৃহবিবাদে জড়িয়ে বিশ্বকাপের দলে জায়গা মেলেনি ডোয়াইন ব্রাভো ও কাইরন পোলার্ডের। খর্বশক্তির সেই দল প্রথম ম্যাচে ধরাশায়ী আইসিসির সহযোগী সদস্য আয়ারল্যান্ডের কাছে!
কিন্তু পরের ম্যাচেই ক্যালিপসো ঝড় বইল পাকিস্তানের ওপর দিয়ে। মিসবাহর পাকিস্তানকে ১৫০ রানে উড়িয়ে দিয়েছে ওয়েস্ট ইন্ডিজ। মাঝেমধ্যেই ক্রিকেট-বিশ্বকে এভাবে চমকে দেয় ওয়েস্ট ইন্ডিজ, জানান দেয় এখনো তাদের শেষটা লেখা যাবে না। আজ সেই ক্যারিবীয়দের সামনে জিম্বাবুয়ে।
ওয়েস্ট ইন্ডিজের মতো জিম্বাবুয়েও জিতেছে নিজেদের দ্বিতীয় ম্যাচ। ক্যানবেরার মানুকা ওভালে জয়ের ধারা ধরে রাখতে চাইবে দুই দলই। শেষ আটে ওঠার পথ মসৃণ রাখতে জয়টা জরুরি। পা হড়কালে গ্রুপ পর্ব পেরোনো কঠিন হয়ে পড়বে।
ওয়েস্ট ইন্ডিজ আজ নামছে ড্যারেন ব্রাভোকে ছাড়াই। পাকিস্তান ম্যাচে হ্যামস্ট্রিংয়ের চোটে পড়ে ইনিংস শেষ করতে পারেননি ব্রাভো। তবে ২৭ ফেব্রুয়ারি দক্ষিণ আফ্রিকা ম্যাচে তাঁকে পাওয়ার আশা করছেন হঠাৎ করেই দায়িত্ব পাওয়া তরুণ ও অনভিজ্ঞ অধিনায়ক জেসন হোল্ডার।
ব্রাভো হয়তো ফিরবেন, কিন্তু দলের বড় ভরসা ক্রিস গেইল থেকেও যেন নেই! ওয়ানডেতে সর্বশেষ ১৯ ইনিংসে মাত্র একটি ফিফটি পেয়েছেন এই মারকুটে ব্যাটসম্যান। তবে ওয়েস্ট ইন্ডিজের জন্য ভালো খবর, প্রথম দুই ম্যাচ মিলিয়ে ৪০ রান করা গেইলের তেমন কোনো অবদান ছাড়াই তারা দুবারই তিন শ পেরিয়েছে। তবে গেইল-ঝড় আজ খুব করেই চাইছেন হোল্ডার, ‘ও (গেইল) এখনো জ্বলে ওঠেনি। তবু আমরা দুই ম্যাচেই তিন শ পেলাম। গেইল শুরু করলে আশা করি রানটা চার শর কাছাকাছি যাবে।’
তেমন কিছু হলে জিম্বাবুয়ের সামনে বিপদই আছে। কোচ ডেভ হোয়াটমোরের মস্তিষ্ক নিশ্চয়ই গেইল-ঝড় থামানোর অঙ্কটা করে রেখেছে। মাত্রই সপ্তাহ ছয়েক আগে দায়িত্ব নিয়েছেন শ্রীলঙ্কাকে বিশ্বকাপ জেতানো হোয়াটমোর, তাঁর ছোঁয়ায় এরই মধ্যে একটু হলেও বদলেছে জিম্বাবুয়ে। সেই ধারাটা আরও গতি পাবে বলে বিশ্বাস বিশ্বকাপ অভিষিক্ত হ্যামিল্টন মাসাকাদজা, ‘আমরা সামনে তাকিয়ে আছি এবং আশা করছি ভালো করব ওয়েস্ট ইন্ডিজের সঙ্গে।’
কিন্তু রেকর্ড সেই কথা বলে না। বিশ্বকাপে পাঁচবারের সাক্ষাতে একবারও ওয়েস্ট ইন্ডিজের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা গড়তে পারেনি জিম্বাবুয়ে। আজ কি পারবে? এএফপি, রয়টার্স।
মুখোমুখি ওয়েস্ট ইন্ডিজ–জিম্বাবুয়ে
ম্যাচ ও. ইন্ডিজ জিম্বাবুয়ে টাই/পরি.
মোট ৪৪ ৩৪ ৯ ০/১
বিশ্বকাপে ৫ ৫ ০ -
আজ ৭৯ রান পেলেই ওয়ানডেতে ৯০০০ হাজার রান হয়ে যাবে ক্রিস গেইলের। ৫০০০ রানের মাইলফলক ছুঁতে জিম্বাবুয়ের ব্রেন্ডন টেলরের দরকার ৮৮ রান।
জিম্বাবুয়ে ওয়েস্ট ইন্ডিজকে সর্বশেষ হারিয়েছে ২০১০ সালে।
২০০০ সালে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে জিম্বাবুয়ের একমাত্র ওয়ানডে সেঞ্চুরিটি করেছেন মারে গুডউইন। যেখানে ক্যারিবীয়দের সেঞ্চুরি ১৩টি।
দুই দলের লড়াইয়ে সবচেয়ে বেশি রান ক্রিস গেইলের (১৩১৭)।
দুই দলের লড়াইয়ে সবচেয়ে বেশি উইকেট ডোয়াইন ব্রাভোর (২৮)।