ক্যারিবীয়দের বিপক্ষে আরেকটি বড় লজ্জা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বাংলাদেশের ব্যাটিং ব্যর্থতার একটি খণ্ডচিত্র ছবি: ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ড
বাংলাদেশের ব্যাটিং ব্যর্থতার একটি খণ্ডচিত্র ছবি: ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ড

সিরিজের প্রথম ম্যাচে জয়টা প্রায় চলেই এসেছিল বাংলাদেশের হাতে। বেঁধে দেওয়া ২১৮ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে ৩৬ রানেই ওয়েস্ট ইন্ডিজ ৫ উইকেট হারিয়ে বসার পর সেই ম্যাচ বাংলাদেশ কীভাবে হারল, সেটা একটা বিরাট রহস্যই। প্রথম ম্যাচের হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর দ্বিতীয় ম্যাচেও বোলারদের চমত্কার পারফরম্যান্স আশার সঞ্চার করলেও এই ম্যাচটা বাংলাদেশ শেষ অবধি হেরেছে ১৭৭ রানের বিরাট ব্যবধানে। মাত্র ৭০ রানেই গুটিয়ে যাওয়া বাংলাদেশের ব্যাটিং লাইনআপ দেশের মানুষকে সাক্ষী করেছে ক্যারিবীয়দের বিপক্ষে রানের হিসাবে সবচেয়ে বড় হারের।
এর আগে উইকেটের হিসাবে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ১০ ও ৯ উইকেটের দুটি বড় হার আছে বাংলাদেশের। ২০০৬ সালে জয়পুরে চ্যাম্পিয়নস ট্রফির একটি ম্যাচে উইন্ডিজকে ১৬২ রানের লক্ষ্যমাত্রা দিয়ে ১০ উইকেটে হেরেছিল বাংলাদেশ। ২০১১ সালের বিশ্বকাপে মিরপুরের শেরেবাংলা স্টেডিয়ামে বাংলাদেশকে তাদের ক্রিকেট ইতিহাসের সর্বনিম্ন ৫৮ রানে অলআউট করে দিয়ে ম্যাচটা গেইলরা জিতেছিল ৯ উইকেটে।
১৭৭ রানের ব্যবধানে হারটা একটু বেশিই যেন পুড়িয়েছে দেশের ক্রিকেট-ভক্তদের। লক্ষ্যমাত্রা ছিল হিসেবের মধ্যেই, সেন্ট জর্জেসের উইকেটও ছিল অনেকটাই ব্যাটিং সহায়ক। কিন্তু ব্যাটসম্যানদের দায়িত্বজ্ঞানহীন ব্যাটিং বাংলাদেশকে সেই লক্ষ্যের ধারে-কাছে যেতে তো দেয়নিই, উল্টো আরও একটি ১০০-এর নিচের ইনিংস বাংলাদেশের ব্যাটসম্যানদের সামর্থ্যকেই করেছে প্রশ্নবিদ্ধ। মাত্র দুই মাসের ব্যবধানে এই দ্বিতীয়বারের মতো ১০০-এর নিচে ইনিংস গুটিয়ে গেল বাংলাদেশের। জুনে ভারতের দ্বিতীয় সারির দলের বিপক্ষে মাত্র ৫৮ রানেই অলআউট হয়েছিল বাংলাদেশ।

১৭৭ রানের এই হারের সঙ্গে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে এর আগে আরও দুটি বড় ধরনের হার আছে বাংলাদেশের। যেগুলোয় রানের ব্যবধান ছিল ১০০-এর বেশি। ২০০৪ সালে সাউদাম্পটনে হারটি ছিল ১৩৮ রানে। ২৭০ রানের লক্ষ্যমাত্রায় ব্যাট করতে নেমে সে ম্যাচে বাংলাদেশ গুটিয়ে গিয়েছিল ১৩২ রানেই। গতকালের আগে ওটাই ছিল ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে রানের হিসাবে সবচেয়ে বড় হার।

আরও একটি ১০০-এর ঊর্ধ্বে হার এসেছিল সেই ১৯৯৯ সালে। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দুই ম্যাচের এক দিনের সিরিজে এই ঢাকাতেই বাংলাদেশ হেরেছিল ১০৯ রানে। ব্রায়ান লারার ৪৫ বলে সেঞ্চুরির সেই ম্যাচে বাংলাদেশের লক্ষ্যমাত্রা ছিল ৩১৫ রান। এ ছাড়া ২০০৭ সালের বিশ্বকাপে ব্রিজটাউনে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে একটি ৯৯ রানের হার ছিল বাংলাদেশের।

 ক্যারিবীয়দের বিপক্ষে একটি নির্দিষ্ট সিরিজের প্রতিটি ম্যাচেই বড় ব্যবধানে পরাজয়ে রেকর্ড আছে বাংলাদেশের। ১০০ না ছুঁলেও তিনটি ম্যাচেই বাংলাদেশের হার ছিল যথাক্রমে ৮৬, ৮৪ ও ৭৫ রানে। ২০০২ সালের ডিসেম্বরে ঢাকায় অনুষ্ঠিত হয়েছিল সেই দুঃস্বপ্নের সিরিজটি।

উইকেটের হিসাবে ১০ ও ৯ উইকেটের দুটি হারের পাশাপাশি বাংলাদেশ এর আগে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে একবার ৮ উইকেটে ও দুবার করে ৭ উইকেটের ব্যবধানে হারের স্বাদ গ্রহণ করেছে।