
দিনের প্রথম বলটিই যেন ইঙ্গিত দিল ওয়েস্ট ইন্ডিজের জয়ের। ওয়াহাব রিয়াজের বলটিকে দুর্দান্ত এক কভার ড্রাইভে সীমানা ছাড়া করলেন ক্রেগ ব্রাফেট। ওই শটেই ব্রাফেট বুঝিয়ে দিলেন, শারজা টেস্টে ওয়েস্ট ইন্ডিজের জয় ছাড়া অন্য কিছু ঘটছে না।
দিনের খেলা শেষ করতে ব্রাফেট ও শেন ডাউরিচের লাগল মাত্র ৪৭ বল। দ্রুত ৪০ রান তুলে সিরিজের শেষ টেস্টটি ৫ উইকেটে জিতে গেল ক্যারিবীয়রা। ১৩ ম্যাচ পরে টেস্ট জয়। অধিনায়ক হিসেবে জেসন হোল্ডারের প্রথম জয়ও। তবে জয়টা পুরোপুরিই ব্রাফেটময়। প্রথম ওপেনার হিসেবে দুই ইনিংসেই অপরাজিত থেকে টেস্টের অনন্য এক ইতিহাসেও নাম লিখিয়েছেন। হোল্ডারও তাই ব্রাফেট-প্রশস্তিতেই মেতেছেন ম্যাচ শেষে, ‘সব কৃতিত্ব ক্রেগ ব্রাফেটের। সে প্রথম ইনিংসে অসাধারণ ইনিংস খেলেছে। দ্বিতীয় ইনিংসে রান তাড়া করার দায়িত্বও সে নিয়েছে।’
ব্রাফেটও বললেন এটাই তাঁর ক্যারিয়ার-সেরা ম্যাচ, ‘টেস্টে আমার সেরা ব্যাটিং এটা। আশা করি, ক্যারিয়ারে আরও অনেকবার এটা করতে পারব। পরিকল্পনা ছিল স্ট্রাইক বদলানো এবং আস্তে আস্তে লক্ষ্যটা কমিয়ে আনা। আমার শক্তি ও দুর্বলতার জায়গা আমি জানি। নিজের শক্তির দিকটাই কাজে লাগিয়েছি।’
তবে ডাউরিচের অবদানও কম ছিল না। প্রথম ইনিংসে ব্রাফেটকে সঙ্গ দিয়ে দলের বিপদ কাটিয়েছেন, দ্বিতীয় ইনিংসে দলের জয় এনে দেওয়া শটটিও এসেছে তাঁর ব্যাটে। ডাউরিচও ভবিষ্যতের অনুপ্রেরণা খুঁজে পেয়েছেন এ ম্যাচে, ‘অসাধারণ অনুভূতি। এ টেস্ট আমরা যেভাবে খেলেছি, এভাবেই আমাদের খেলা উচিত।’ ক্রিকইনফো।
সংক্ষিপ্তস্কোর
পাকিস্তান: ২৮১ ও ২০৮।
ওয়েস্ট ইন্ডিজ: ৩৩৭ ও ৪৩.৫ ওভারে ১৫৪/৫ (ব্রাফেট ৬০*, ডাউরিচ ৬০*; ইয়াসির ৩/৪০, রিয়াজ ২/৪৬)
ফল: ওয়েস্ট ইন্ডিজ ৫ উইকেটে জয়।
সিরিজ: পাকিস্তান ২-১ ব্যবধানে জয়ী।
ম্যান অব দ্য ম্যাচ: ক্রেগ ব্রাফেট। ম্যান অব দ্য সিরিজ: ইয়াসির শাহ।