প্রথম দুই টেস্টই জিতে নিয়েছে পাকিস্তান। সবার ধারণা ছিল, শারজায় তৃতীয় টেস্টটা জিতে তারা হয়তো ধবলধোলাই-ই করতে চলেছে ওয়েস্ট ইন্ডিজকে। কিন্তু ক্রেগ ব্রাফেটের বীরত্বে শেষ টেস্টে এখন জয় দেখছে ওয়েস্ট ইন্ডিজ। কাল শারজা টেস্টের চতুর্থ দিন শেষে ৫ উইকেটে ১১৪ রান সফরকারীদের। জয়ের লক্ষ্য থেকে মাত্র ৩৯ রান দূরে জেসন হোল্ডারের দল।
তবে কাল টেস্টের রং যেভাবে ক্ষণে ক্ষণে বদলাচ্ছিল, তাতে পাকিস্তানও হাল ছাড়তে চাইবে না। খেলা থামার ১ ঘণ্টা আগেও মনে হচ্ছিল, ম্যাচটি জিততে যাচ্ছে পাকিস্তান। মাত্র ১৫৩ রানের লক্ষ্য ছুড়ে দিয়েও ৬৭ রানেই ওয়েস্ট ইন্ডিজের ৫ উইকেট তুলে নেয় পাকিস্তান। প্রথম তিনজন আউট ইয়াসির শাহর লেগ স্পিনে, পরের দুজন ওয়াহাব রিয়াজের পেসে। অসাধারণ এক জয়ের সুবাস যখন পেতে শুরু করেছে পাকিস্তান, তখনই প্রথম ইনিংসের মতো আবারও প্রতিরোধ গড়ে তুললেন ব্রাফেট ও শেন ডাউরিচ। দুজনের অবিচ্ছিন্ন ৪৭ রানের ষষ্ঠ উইকেট জুটিতে এগিয়ে থেকে দিন শেষ করেছে সফরকারীরা।
দিনের শুরুতে অবশ্য আজহার আলীর ব্যাটে বড় স্কোর গড়ারই আশা ছিল পাকিস্তানের। কিন্তু ৩৩ রানে শেষ ৫ উইকেট হারিয়ে ১৫২ রানের লিডেই সন্তুষ্ট হতে হয়েছে তাদের। সূত্র: টেন থ্রি।
পাকিস্তান: ২৮১ ও ২০৮ (আজহার ৯১, সরফরাজ ৪২; হোল্ডার ৫/৩০, বিশু ৩/৪৬)।
ওয়েস্ট ইন্ডিজ: ৩৩৭ ও ৩৬ ওভারে ১১৪/৫ (লক্ষ্য ১৫৩ রান): (ব্রাফেট ৪৪*, ডাউরিচ ৩৬*; ইয়াসির ৩/৩০, রিয়াজ ২/৩০)।