ক্যারিয়ার-ব্যাপ্তি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

৬ ফেব্রুয়ারি, ১৯৯৭। ওয়েলিংটনে ইংল্যান্ডের বিপক্ষে টেস্ট অভিষেক হলো ড্যানিয়েল ভেট্টোরি নামের ১৮ বছরের এক তরুণের। আন্তর্জাতিক ক্রিকেটে ভেট্টোরির ওটাই ছিল প্রথম ম্যাচ। সেই ভেট্টোরি আন্তর্জাতিক ক্যারিয়ার শেষ করলেন ২০১৫ বিশ্বকাপের ফাইনাল খেলে। নিউজিল্যান্ডের সাবেক অধিনায়ক আন্তর্জাতিক ক্রিকেটে ছিলেন ১৮ বছর ৫১ দিন। মাত্র ২২ দিনের জন্যই ভেট্টোরি ভাঙতে পারলেন না সবচেয়ে বেশি দিন নিউজিল্যান্ডের হয়ে খেলার রেকর্ড। চার টেস্টে নিউজিল্যান্ডের অধিনায়কত্ব করা সাবেক ব্যাটসম্যান হারবার্ট সাটক্লিফ আন্তর্জাতিক ক্যারিয়ারের ব্যাপ্তি ছিল ১৮ বছর ৭২ দিন। ২১ মার্চ ১৯৪৭ থেকে ১ জুন ১৯৬৫ পর্যন্ত ৪২টি টেস্ট খেলেছেন ভেট্টোরির পূর্বসূরি। এখনো খেলছেন এমন ক্রিকেটারদের মধ্যে এ তালিকায় সবার ওপরে ওয়েস্ট ইন্ডিজের শিবনারায়ণ চন্দরপল (২১ বছর ১৪ দিন)। তবে ৩০ বছর ৩১৫ দিন খেলে একদম ধরাছোঁয়ার বাইরে ইংল্যান্ডের সাবেক গ্রেট উইলফ্রেড রোডস (১৮৯৯-১৯৩০)।