ক্যারিয়ার-সেরা র্যাঙ্কিং অ্যান্ডারসন-রুটের
দল জিতেছে। তাতে বড় অবদান জেমস অ্যান্ডারসন, জো রুট ও গ্যারি ব্যালান্সের। ইংলিশ ত্রয়ী সাফল্যের স্বীকৃতি পেলেন র্যাঙ্কিংয়েও। কাল প্রকাশিত আইসিসি টেস্ট র্যাঙ্কিংয়ে বোলিং ও ব্যাটিংয়ে ক্যারিয়ার-সেরা অবস্থানে উঠে এসেছেন অ্যান্ডারসন, রুট ও ব্যালান্স। গ্রেনাডা টেস্টে ৬ উইকেট নেওয়া অ্যান্ডারসন তিন ধাপ এগিয়ে উঠে এসেছেন বোলারদের তালিকার দুইয়ে। অ্যান্ডারসনের সমান ৮২৬ রেটিং পয়েন্ট নিয়ে যৌথভাবে দুইয়ে অস্ট্রেলিয়ার ফাস্ট বোলার রায়ান হ্যারিসও। অ্যান্ডারসন এর আগেও দুইয়ে উঠলেও এবারই ক্যারিয়ারের সর্বোচ্চ রেটিং পয়েন্ট পেয়েছেন। বোলিংয়ে শীর্ষে যথারীতি দক্ষিণ আফ্রিকার ডেল স্টেইন।
প্রথম ইনিংসে অপরাজিত ১৮২ রান করা রুট উঠে এসেছেন ক্যারিয়ার-সেরা পঞ্চম স্থানে। দুই ইনিংসে ৭৭ ও অপরাজিত ৮১ রান করে পাঁচ ধাপ উত্তরণে ১৭ নম্বরে ব্যালান্স। ব্যাটিংয়ে সবার ওপরে কুমার সাঙ্গাকারা। তথ্যসূত্র: আইসিসি।