ক্যারিয়ার-সেরা র‍্যাঙ্কিং মোস্তাফিজের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আয়ারল্যান্ডে চলমান ত্রিদেশীয় সিরিজে আবার পুরোনো রূপে ফিরে এসেছেন মোস্তাফিজুর রহমান। সিরিজের প্রথম দুই ম্যাচে বোলিংয়ের সুযোগ পেয়ে ৬ উইকেট নিয়েছেন বাংলাদেশের বাঁহাতি পেসার। মোস্তাফিজের মাঠের পারফরম্যান্স অনূদিত হলো আইসিসির র‍্যাঙ্কিংয়েও। কাল প্রকাশিত সর্বশেষ ওয়ানডে র্যাঙ্কিংয়ে বোলারদের তালিকায় ক্যারিয়ার-সেরা ১৮তম স্থানে উঠে এসেছেন ‘কাটার মাস্টার’। এক লাফে ১৩ ধাপ এগিয়েছেন মোস্তাফিজ।
বাংলাদেশের ব্যাটসম্যানদের মধ্যে সবচেয়ে বেশি এগিয়েছেন সৌম্য সরকার। আয়ারল্যান্ডের বিপক্ষে অপরাজিত ৮৭ রান করা সৌম্য সাত ধাপ এগিয়ে উঠেছেন ২৭ নম্বরে। বাংলাদেশের ব্যাটসম্যানদের মধ্যে সবার ওপরে তামিম ইকবাল (১৯) ও বোলারদের মধ্যে সাকিব আল হাসান (১০) শীর্ষে। আগামীকাল নিউজিল্যান্ডকে হারাতে পারলে শ্রীলঙ্কাকে টপকে ওয়ানডে দলীয় র‍্যাঙ্কিংয়ে ছয়ে উঠে যাবে বাংলাদেশ।