ক্যালিস এখন 'মেন্টর'
আন্তর্জাতিক ক্রিকেট থেকে বিদায় নিয়েছেন আগেই। এবার আইপিএলেও ২২ গজকে বিদায় জানালেন জ্যাক ক্যালিস। তবে মাঠের ভেতরটা ছাড়লেও থাকছেন পাশেই। আসছে মৌসুম থেকেই কলকাতা নাইট রাইডার্সের ‘মেন্টর’ ও ব্যাটিং উপদেষ্টার দায়িত্ব নিচ্ছেন দলটির সফলতম বিদেশি ক্রিকেটার।
২০১১ সালের আইপিএল নিলামে ১১ লাখ ডলারে ক্যালিসকে কিনেছিল কেকেআর। গত ফেব্রুয়ারিতেও আবার কিনেছিল ৯ লাখ ১৬ হাজার ডলারে। এত দিনের পথচলায় দলটির প্রায় ঘরের ছেলে হয়ে গিয়েছেন দক্ষিণ আফ্রিকান অলরাউন্ডার। নতুন দায়িত্ব নিয়ে ক্যালিসও বললেন সেই কথাই, ‘চার বছর ধরেই কেকেআর আমার ভারতীয় পরিবার। দলটির ম্যানেজমেন্ট ও ক্রিকেটারদের সঙ্গে আমার চমৎকার সম্পর্ক, দুটি আইপিএল শিরোপা জয়ে অবদান রাখতে পেরে নিজেকে সৌভাগ্যবান মনে করি। বছর খানেক ধরেই আমি ভবিষ্যৎ নিয়ে ভাবছি। কেকেআর যখন আমাকে দীর্ঘমেয়াদি এই ভূমিকার প্রস্তাব দিল, আমি লুফে নিয়েছি।’
ক্যালিস এখন কাজ করবেন প্রধান কোচ ট্রেভর বেলিস, সহকারী কোচ বিজয় দাহিয়া ও বোলিং উপদেষ্টা ওয়াসিম আকরামের সঙ্গে। তবে ক্রিকেটকে কিন্তু এখনো পুরোপুরি বিদায় জানাননি সর্বকালের অন্যতম সেরা এই অলরাউন্ডার। কদিন পরই বিগ ব্যাশ খেলবেন সিডনি থান্ডারের হয়ে। খেলবেন আগামী বছর ক্যারিবিয়ান ক্রিকেট লিগেও। ইএসপিএনক্রিকইনফো।