ক্যাসিনোতে কী করছিলেন মঈন?

এমনিতে বিশ্বকাপে পাকিস্তান দলের ত্রাহি দশা। তার ওপর আবার নানা বিতর্ক। এবার বিতর্ক স্বয়ং প্রধান নির্বাচক মঈন খানকেই নিয়ে। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ম্যাচের আগে একটি ক্যাসিনোতে গিয়েছিলেন মঈন। প্রশ্নটা এখানেই, কেন গিয়েছিলেন সেখানে?
পাকিস্তান ক্রিকেট বোর্ডপ্রধানের নির্দেশে এরই মধ্যে একটি তদন্ত চালানো হয়েছে। তদন্তে কী উঠে এসেছে, তা অবশ্য পরিষ্কার নয়। পিসিবিপ্রধান শাহরিয়ার খান বললেন, ‘মঈন খানের ক্যাসিনোতে যাওয়ার অভিযোগের পরিপ্রেক্ষিতে আমরা একটা তদন্ত চালিয়েছি। অভিযোগ সত্য হলে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।’
এমনিতে বিশ্বকাপে নিজেদের প্রথম দুই ম্যাচে বাজে পারফরম্যান্সে ক্ষোভে ফুঁসছে পাকিস্তানি সমর্থকেরা। এর ওপর আবার এসব বিতর্ক। স্বাভাবিকভাবেই কঠোর অবস্থানে যাচ্ছে পিসিবি। তদন্তের ফলের ওপর নির্ভর করছে মঈনের ভাগ্যে কী আছে। শাহরিয়ার বললেন, ‘প্রাথমিক অভিযোগের ভিত্তিতে যেটি জানা গেছে, ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ম্যাচের দুদিন আগে মঈন খেতে গিয়েছিলেন সেখানে। এক পাকিস্তানি দম্পতি তাঁর ছবি তুলে একটি ভিডিও বানিয়েছে। তবে আমরা কাউকে বলির পাঁঠা বানাতে চাই না। যেকোনো ব্যবস্থা নেওয়ার আগে আমরা ঘটনার সুষ্ঠু তদন্ত করব।’ তথ্যসূত্র: এএফপি।