ক্রনিয়ের গ্রে কলেজে আবার
ব্লুমফন্টেইনে দেখার কি আছে? ১৯ বছর ধরে এই শহরে থাকা বাংলাদেশি ব্যবসায়ী মোতাহের হোসেন প্রশ্ন শুনে একটু ভাবলেন। তারপর বললেন, ‘নাহ্, তেমন কিছু নেই। দক্ষিণ আফ্রিকার অন্য জায়গাগুলোর মতো ব্লুম (ব্লুমফন্টেইনকে এখানে এ নামেই ডাকা হয়) অতটা সুন্দর নয়।’
হয়তো তাঁর কথাই ঠিক। তবে ব্লুমফন্টেইনেই যে আছে দেখানোর মতো অন্তত দুটি জিনিস। একটি হলো ন্যাভাল হিল, সূর্যাস্তের সময় পাহাড়ের ভিউ পয়েন্ট থেকে পুরো শহরটাকে মনে হয় মায়াবী বিভ্রম। পশ্চিমাকাশে সূর্য ডুবু ডুবু, তার ক্ষয়ে যাওয়া আলো বিন্দু বিন্দু হয়ে ছড়িয়ে পড়ে শহরময়। একটি-দুটি করে জ্বলে উঠতে থাকা স্ট্রিট লাইট আর ভবনের সোনালি আলোক বিন্দুগুলো যেন সূর্যের বিদায়ী কিরণেই প্রাণ পাচ্ছে। সন্ধ্যা পেরিয়ে পাহাড়ে যখন আঁধার নামে, তার পাদদেশে এলিয়ে থাকা ব্লুমফন্টেইন শহরের আলোর ঝরনাধারা। নেলসন ম্যান্ডেলার বিশাল মূর্তি হাত তুলে আশীর্বাদ জানাচ্ছে পুরো শহরকে—গোটা দক্ষিণ আফ্রিকাকেও হয়তো বা!

ব্লুমের আরেক গৌরব গ্রে কলেজ—দক্ষিণ আফ্রিকার সবচেয়ে মর্যাদা সম্পন্ন শিক্ষাপ্রতিষ্ঠান। ২০০৮ সালে ব্লুমফন্টেইনে এসে প্রথম সেখানে যাওয়া। দক্ষিণ আফ্রিকা ক্রিকেট দলের প্রয়াত অধিনায়ক হানসি ক্রনিয়ে ছিলেন গ্রে কলেজেরই ছাত্র। কলেজের ধূলিকণা সঙ্গে তাঁর মিশে থাকা, ম্যাচ-ফিক্সিং বিতর্ক আর রহস্যাবৃত জীবনাবসানের পরও অন্তত এই প্রতিষ্ঠানে যে তিনি ‘জাতীয় বীর’, সেটি জানা হয়ে গিয়েছিল সেবারই।
এবারও গ্রে কলেজে যাওয়া হলো। হানসি ক্রনিয়ে প্রেক্ষাপটে থাকলেন ঠিকই, তবে আসল উদ্দেশ্য নিজের স্মৃতিটাকে একটু ঝালাই করে নেওয়া। গ্রে কলেজ এখনো আগের মতোই আছে তো! কেমন আছেন ক্রনিয়ের শিক্ষক হুগো, ক্রনিয়ের নেতৃত্বে খেলা ১৯৮৭-এর প্রাদেশিক স্কুল দলের সেই ম্যানেজার?
হ্যাঁ, গ্রে কলেজ আগের মতোই আছে। ক্রনিয়ের সেই শিক্ষকের দেখা না মিললেও পুরোনো নকশার কলেজ ভবন, খোলা মাঠ আর সুবিশাল ক্যাম্পাস—সবই যেমন ছিল ঠিক তেমন। খেলাধুলা আর পড়াশোনার মধ্যে এখানে কোনো বিরোধ নেই। বরং একটি আরেকটির পরিপূরক। ডোরাকাটা কোট পরে ছাত্রদের মুখর পদচারণা, খেলার মাঠ থেকে ভেসে আসা হই-হল্লা—সবই আগের মতো। ক্রনিয়ের অস্তিত্বও এখানে উজ্জ্বল এখনো। গ্রে কলেজ মিউজিয়ামে আরও অনেক ঐতিহ্যের পাশাপাশি তাঁর স্মারকগুলোও রাখা আছে যত্নসহকারে।

১৮৫৫ সালে প্রতিষ্ঠিত গ্রে কলেজে ফুটবল, ক্রিকেট, রাগবির মাঠ ছাড়াও আছে অলিম্পিক মানসম্পন্ন সুইমিংপুল, হকির অ্যাস্ট্রোটার্ফ, শুটিং রেঞ্জ ও স্কোয়াশ কোর্ট। দক্ষিণ আফ্রিকার প্রায় সব খেলায়ই এই কলেজের ছাত্ররা ছড়িয়েছে তারকা দ্যুতি। মাইকেল জনসনের ১৭ বছরের বিশ্ব রেকর্ড ভেঙে রিও অলিম্পিকে ৪০০ মিটার দৌড়ে সোনা জেতা নিকার্ক গ্রে কলেজেরই ছাত্র। হানসি ক্রনিয়ে ছাড়াও দক্ষিণ আফ্রিকা ক্রিকেট দলে খেলা বোটা ডিপেনার, নিকি বোয়ে, অ্যালান ডোনাল্ডের মতো আরও অনেক ক্রিকেটারের শিক্ষা জীবনের শুরু এখানে।

কলেজের সবচেয়ে বিখ্যাত ছাত্র ক্রনিয়েকে এ প্রতিষ্ঠান কতভাবেই না মনে রেখেছে! কলেজ প্রাঙ্গণেই তাঁর স্মৃতিস্তম্ভ, যাতে লেখা, ‘ডাই হিয়ার ইজ মাই হার্ডার।’ এখানে-সেখানে নানাভাবে ছবি তো অসংখ্যই আছে। গ্রে কলেজ মিউজিয়ামের শো-কেস গুলোতেও ক্রনিয়ে বেশ জীবন্ত। এখানে এলেই আপনি জানতে পারবেন ক্রনিয়ে শুধু একজন ক্রিকেটারই ছিলেন না, খেলেছেন গ্রে কলেজ রাগবি দলেও। রাগবি খেলোয়াড় ক্রনিয়ের ছবি, তাঁর খেলার খবরের পেপার কাটিং—গ্রে কলেজ মিউজিয়াম ধরে রেখেছে সব স্মৃতিই।
তবে শুধু হানসি ক্রনিয়ে বললে এখানকার পুরোনো লোকজন দ্বিধায় পড়তে পারেন। ক্রিকেটের ক্রনিয়ের নাম গ্রে কলেজে এখনো ডব্লু জে (ওয়েসেল জোহানেস) হানসি ক্রনিয়ে, যাকে গ্রে কলেজ বলে ‘জাতীয় বীর।’