ক্রাইস্টচার্চে পাকিস্তানের আত্মসমর্পণ

ইনিংস ব্যবধানে হারল পাকিস্তান।ছবি: এএফপি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জয়টয় নয়, পাকিস্তানের লক্ষ্য ছিল দুই দিন দাঁতে দাঁত কামড়ে উইকেটে পড়ে থেকে ম্যাচটা বাঁচিয়ে দেওয়া। লক্ষ্যটা স্থির করা যতটা সোজা, বাস্তবে পরিণত করা ঠিক ততটাই কঠিন।

গতকাল তৃতীয় দিনে ৩৬২ রানে পিছিয়ে থেকে নিজেদের দ্বিতীয় ইনিংস শুরু করা পাকিস্তানের জন্য কাজটা যে ভীষণ কঠিন হবে, সেটা বোঝা গিয়েছিল দিনের শেষেই। শুরুতেই উইকেট হারিয়ে ফেলা পাকিস্তান আর প্রতিরোধ গড়তে পারেনি। ক্রাইস্টচার্চ টেস্টের চতুর্থ দিনটা পাকিস্তান কেবল নিউজিল্যান্ডের জয়টাকেই প্রলম্বিত করতে পেরেছে। শেষ পর্যন্ত ইনিংস হারই হয়েছে তাদের সঙ্গী। টেস্টটা ইনিংস ও ১৭৬ রানে হেরেছে পাকিস্তান।

দ্বিতীয় ইনিংসে অলআউট হয়ে গেছে ১৮৬ রানে। দলীয় ৩ রানে প্রথম উইকেট (শান মাসুদ), ১৭ রানে দ্বিতীয় (মোহাম্মদ আব্বাস), ৪৬ রানে তৃতীয় (আবিদ আলী), ৭৯ রানে চতুর্থ ( হারিস সোহেল) ও ৮৮ রানে পঞ্চম (আজহার আলী) উইকেট হারানোর পর জাফর গহরের ৩৭ আর ফাহিম আশরাফের ২৮ রান পাকিস্তানের সংগ্রহকে ১৮৬ রানে নিতে ভূমিকা রেখেছে। মাঝে ফাওয়াদ আলম ও মোহাম্মদ রিজওয়ান লড়াইয়ের চেষ্টা করেছিলেন কিন্তু তেমন কিছু করতে পারেননি।

পাকিস্তানের জন্য ভয়ঙ্কর হয়ে উঠেছিলেন কাইল জেমিসন। দ্বিতীয় ইনিংসে নিয়েছেন ৬ উইকেট
ছবি: এএফপি

নিউজিল্যান্ডের ফাস্ট বোলার কাইল জেমিসন এ ইনিংসেও পাকিস্তানকে শেষ করেছেন। প্রথম ইনিংসে ৫ উইকেট নেওয়ার পর দ্বিতীয় ইনিংসে তিনি তুলে নেন ৬ উইকেট। ট্রেন্ট বোল্ট নেন ৩ উইকেট।