ক্রাইস্টচার্চে মানসিকতায় ঘাটতির কথাই বললেন মুমিনুল

ক্রাইস্টচার্চে মানসিকতায় ঘাটতি দেখছেন মুমিনুলছবি: এএফপি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মাউন্ট মঙ্গানুই টেস্ট জয়ের পরপরই কথাটা বলেছিলেন মুমিনুল হক—বিদেশের মাটিতে ভালো করতে প্রয়োজন উপযুক্ত মানসিকতা। আজ ক্রাইস্টচার্চে ইনিংস ব্যবধানে হেরে সেটিই আবার বললেন বাংলাদেশ অধিনায়ক। ক্রাইস্টচার্চে ভাবনাটাই ঠিক ছিল না বাংলাদেশ দলের।

ক্রাইস্টচার্চে ইনিংস ও ১১৭ রানে হেরেছে বাংলাদেশ। মাউন্ট মঙ্গানুই টেস্টে ৮ উইকেটের অসাধারণ এক জয়ের পর ক্রাইস্টচার্চের এই হার বাজে বৈপরীত্যই। বিশেষ করে যে দল নিউজিল্যান্ডের মতো ‘চ্যাম্পিয়ন’ দলকে তাদের মাটিতেই উড়িয়ে দিয়ে ঐতিহাসিক জয় কুড়িয়ে নিল, তারাই দুই দিন পর এলোমেলো। মাউন্ট মঙ্গানুই টেস্টে হারটা নিউজিল্যান্ডের জন্য ছিল বিরাট এক ধাক্কা। সে ধাক্কা সামলাতে ক্রাইস্টচার্চে যে তারা মরণকামড় দেবে, সেটি জানা ছিলই।

কিন্তু তারপরও কেন এ অবস্থা। বোলিংটা হলো বাজে, ব্যাটিংটা হলো যাচ্ছেতাই। জয় পাওয়া টেস্টে যে ধরনের বোলিং-ব্যাটিং করেছিলেন বাংলাদেশি ক্রিকেটাররা, ক্রাইস্টচার্চে তার ঠিক উল্টোটাই দেখা গেল। মুমিনুল যে মানসিকতার কথা বলেছিলেন, সেটি দুই দিনের ব্যবধানেই উড়ে গেল দলের মধ্য থেকে!

মুমিনুল দ্বিতীয় ইনিংসে চেষ্টা করেছিলেন
ছ্বএএফপি:

মুমিনুল আজ ম্যাচ শেষে যা বললেন, তার অর্থ প্রথম টেস্টে জয় দলের ওপর তাহলে বাড়তি চাপই তৈরি করে দিয়েছিল, ‘প্রথম টেস্ট জয়ের পর দ্বিতীয় টেস্টটা আমাদের জন্য ছিল খুব চ্যালেঞ্জিং। বিদেশের মাটিতে খেলা পুরোপুরি নির্ভর করে মানসিকতা, ভাবনা—এগুলোর ওপর।’

মুমিনুলের এ কথার মানে বিশ্লেষণ করলে ওই পুরোনো ব্যাপারেই ফিরতে হয়—ক্রাইস্টচার্চে দলের ভাবনাটা ঠিক ছিল না। এই টেস্টে নিউজিল্যান্ড যে বাংলাদেশের ওপর ঝাঁপিয়ে পড়বে, সেটি জানা থাকার পরও সে অনুযায়ী পরিকল্পনা বাস্তবায়ন করতে পারেনি বাংলাদেশ। সবুজ উইকেটের চ্যালেঞ্জটাও নিতে পারেননি দলের ব্যাটসম্যানরা। মাউন্ট মঙ্গানুই টেস্টে যে ঠিক জায়গায় বোলিং করতে পারার সাফল্যটা গায়ে মেখেছিলেন পেসাররা, ক্রাইস্টচার্চে আরও সহায়ক উইকেট পেয়ে, তাঁরাই-বা কী করলেন! প্রথম দিনই বাংলাদেশের ওপর চড়ে বসল নিউজিল্যান্ড। বিশাল রানের পাহাড়ে চাপা দিল। আর বাংলাদেশের ব্যাটসম্যানরা তাতেই কাত। একটু লড়াইও করতে পারলেন না তাঁরা।

লিটনের ব্যাটিংয়ে মুগ্ধ মুমিনুল
ছবি: এএফপি

বাংলাদেশ অধিনায়কের কথায় সেই মানসিকতা ঠিক রাখতে না পারার আক্ষেপ থাকলেও নিউজিল্যান্ডের মাটি থেকে এই প্রথম সিরিজ না হেরে ফিরছে বাংলাদেশ, এটাই–বা কম কী! মুমিনুল সে কারণেই দলের ওপর নিজের সন্তুষ্টির কথাও জানালেন, ‘আমি আসলে খুবই গর্বিত। বিশেষ করে বিদেশে খেলাটা খুব গর্বের। প্রথম টেস্ট জয়ের পর আমি প্রচণ্ড আনন্দিত ও গর্বিত। এই সিরিজে আমাদের অনেক ভালো ও ইতিবাচক দিক আছে।’

লিটন দাসের প্রশংসা না করে কীভাবে থাকেন একজন অধিনায়ক। বিশেষ করে দলের বাজে অবস্থার মধ্যেই তাঁর ব্যাট যেভাবে কথা বলল, সেটি অনন্যই। মুমিনুল সোজা করলেন লিটনের প্রশংসা, ‘ও যেভাবে খেলল, তাতে মনেই হয়নি খুব কঠিন উইকেটে খেলা হচ্ছে। চমৎকার খেলেছে লিটন।’