ক্রাইস্টচার্চে ম্যাককালাম-ঝড়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
১৯৫ রানের বিস্ফোরক ইনিংস খেলার পথে ব্রেন্ডন ম্যাককালামের আরও একটি শট l এএফপি
১৯৫ রানের বিস্ফোরক ইনিংস খেলার পথে ব্রেন্ডন ম্যাককালামের আরও একটি শট l এএফপি

১১ বছর পর নিউজিল্যান্ডে বক্সিং ডে টেস্ট। ভূমিকম্প-বিধ্বস্ত ক্রাইস্টচার্চেও টেস্ট ক্রিকেট ফিরেছে ৮ বছর পর। এদিকে বড়দিনের ছুটির আমেজ, তাই হ্যাগলি ওভালে প্রথম দিনের সকালেই হাজার আটেক দর্শক। উৎসবের এমন উপলক্ষটা স্মরণীয় করে রাখতে হলে কিছু একটা তো করা চাই।
দায়িত্বটা নিজের কাঁধেই নিলেন ব্রেন্ডন ম্যাককালাম। সবুজ উইকেটে আগে বল করতে পারলে খুশি হতেন। টস হেরে তাই একটু মন খারাপ ছিল নিউজিল্যান্ড অধিনায়কের। তার ওপর ৮৮ রানের মধ্যেই হামিশ রাদারফোর্ড, টম ল্যাথাম আর রস টেলর ড্রেসিংরুমে ফিরে দুশ্চিন্তা বাড়িয়ে দিলেন আরও। প্রত্যাশার বেশ আগেই ব্যাট হাতে নামতে হলো।
এর পর যা হলো সেটিকে ‘ঝড়’, ‘তাণ্ডব’ যা-ই বলা হোক না কেন, কমই হবে। পরের প্রায় সাড়ে তিন ঘণ্টা শ্রীলঙ্কান বোলারদের নিয়ে ছেলেখেলা করলেন ম্যাককালাম। হাফ সেঞ্চুরি এল ৫০ বলে, সেঞ্চুরি করতে লেগেছে ৭৪ বল। গত মাসেই পাকিস্তানের বিপক্ষে করা টেস্ট ক্রিকেটে নিউজিল্যান্ডের হয়ে দ্রুততম সেঞ্চুরির (৭৮ বলে) নিজের রেকর্ডটা ভেঙে দিলেন। ভেঙে যেত নাথান অ্যাস্টলের গড়া টেস্টের দ্রুততম ডাবল সেঞ্চুরির (১৫৩ বলে) রেকর্ডও। কিন্তু থারিন্দু কুশলের বলে দিমুথ করুনারত্নের হাতে ক্যাচ দিয়ে যখন ফিরছেন, নামের পাশে ১৯৫ রান, যা করতে বল লেগেছে মাত্র ১৩৪টি।
টস হারায় সকালে যে কিছুক্ষণের জন্য মুখ গোমড়া হয়ে গিয়েছিল সেটি উধাও ততক্ষণে। বরং সেই গোমড়া মুখ দেখা গেল দিন শেষে শ্রীলঙ্কান খেলোয়াড়দের। ম্যাককালাম-তাণ্ডবে প্রথম দিনেই নিউজিল্যান্ড তুলেছে ৭ উইকেটে ৪২৯ রান। টেস্ট ক্রিকেটে এক দিনে তোলা কিউইদের সর্বোচ্চ রান, নিউজিল্যান্ডের কোনো মাঠে এক দিনে চতুর্থ সর্বোচ্চ। দিন শেষে স্কোরবোর্ডের দিকে তাকিয়ে মুখটা যেন আলোয় ঝলমল করে উঠল কিউই ব্যাটিং কোচ ক্রেইগ ম্যাকমিলানের, ‘টেস্ট ক্রিকেটের জন্য এটা একটা বিশেষ দিন। এই মাঠ আর এই শহরের মানুষের জন্য এমন একটা দিনের দরকার ছিল। এমনকি আপনি স্বপ্নেও টেস্ট ক্রিকেটে এমন দিনের কথা কল্পনা করতে পারবেন না, বিশেষ করে এমন সবুজ উইকেটে।’
লাঞ্চের কিছুক্ষণ পরই যখন ব্যাট করতে নামেন, একটা ব্যক্তিগত মাইলফলক হাতছানি দিচ্ছিল ম্যাককালামকে। প্রথম নিউজিল্যান্ড ব্যাটসম্যান হিসেবে টেস্টে এক বছরে হাজার রানের মাইলফলক থেকে ৩১ রান দূরে ছিলেন। সেটাও ছুঁলেন কী দারুণভাবে, লং অনে অ্যাঞ্জেলো ম্যাথুসকে ছক্কা মেরে। এ বছর এর আগে টেস্টে যে তিনবার পঞ্চাশ ছাড়িয়েছেন সবগুলো ইনিংসই শেষ পর্যন্ত রূপ নিয়েছে অন্তত ডাবল সেঞ্চুরিতে, ফেব্রুয়ারিতে ওয়েলিংটনে ভারতের বিপক্ষে তো করেছেন অসাধারণ এক ট্রিপল সেঞ্চুরিই।
৫ রানের জন্য কাল ডাবল সেঞ্চুরি না পাওয়ায় একটু আক্ষেপ তাই থাকতেই পারে। অধিনায়ককে এমন খুনে মেজাজে দেখে যেন ছন্দ খুঁজে পেলেন সতীর্থরাও। ফলাফল, বাজে ফর্মে থাকা জিমি নিশামও খেললেন ৮০ বলে ৮৫ রানের দুর্দান্ত ইনিংস। নিশামের সঙ্গে ম্যাককালামের পঞ্চম উইকেট জুটিতে মাত্র ১৯.৩ ওভারে এসেছে ১৫৩ রান (ইকোনমি রেট ৭.৮৪)। টেস্টে এর চেয়ে বেশি ইকোনমি রেটের দেড় শ ছাড়ানো জুটি আছে মাত্র দুটি।

ম্যাককালাম-ঝড়টা গেছে প্রায় সব শ্রীলঙ্কান বোলারের ওপর দিয়েই, ৭ শ্রীলঙ্কান বোলারের ৪ জনই রান দিয়েছেন ওভারপ্রতি চারের বেশি। তবে সবচেয়ে দুর্ভাগা হয়তো থারিন্দু কুশল। ২২ ওভার বল করেছেন কাল, রান দিয়েছেন ওভারপ্রতি ৭.২২! টেস্ট অভিষেকটা হয়তো দুঃস্বপ্ন হয়েই থাকবে ২১ বছর বয়সী শ্রীলঙ্কান অফ স্পিনারের জন্য। ক্রিকইনফো, এএফপি।
রান ১৯৫
বল ১৩৪
চার ১৮
ছয় ১১