ক্রাইস্টচার্চে ম্যাককালাম-তাণ্ডব!

সবুজ উইকেটে টসে জিতে প্রথম ফিল্ডিং করার সিদ্ধান্ত নিলেন শ্রীলঙ্কা অধিনায়ক অ্যাঞ্জেলো ম্যাথুস। তখনো কি জানতেন, সামনে কী দুর্ভোগ অপেক্ষা করছে! দুর্ভোগের নাম—ব্রেন্ডন ম্যাককালাম! ১৩৪ বলে ১৯৫ রানের ঝোড়ো ইনিংসে ১১ বছর পর বক্সিং ডে টেস্টে খেলতে নামা নিউজিল্যান্ডের শুরুটাও হলো দারুণ। প্রথম দিনে কিউইদের সংগ্রহ ৭ উইকেটে ৪২৯। এটি কিউইদের এক দিনে তোলা চতুর্থ সর্বোচ্চ রান।
ম্যাথুসের সিদ্ধান্তের যথার্থতা প্রমাণ করতে লঙ্কান বোলারদের শুরুটা ভালোই হয়েছিল। ৮৮ রানেই ফিরে গিয়েছিলেন তিন কিউই ব্যাটসম্যান। কিন্তু সফরকারীদের সব গড়বড় হয়ে গেল কিউই অধিনায়ক ম্যাককালাম উইকেটে আসার পর। এমনিতে বছরটা বেশ ভালোই গেছে। রানের নেশাটা আবারও পেয়ে বসল। চতুর্থ উইকেট জুটিতে কেন উইলিয়ামসনকে নিয়ে লঙ্কান বোলারদের ‘শায়েস্তা’ করা শুরু করলেন! এ জুটিতে এল ১৩৬ বলে ১২৬। ধামিক্কা প্রসাদের বলে উইলিয়ামসন ৫৪ রানে ফিরলে জিমি নিশামকে নিয়ে পঞ্চম উইকেট জুটিতে আরও বেশি চড়াও হলেন ম্যাককালাম। এ জুটিতে এল ১১৭ বলে ১৫৩ রান। থারিন্ডু কুশলের বলে ফেরার আগে ১৯৫ রানের ইনিংসটি ১১ ছয় ও ১৮ চারের মারে সাজিয়েছিলেন ম্যাককালাম। অধিনায়ককে দেখে উৎসাহিত হয়েই কি না নিশামও খেললেন ঝোড়ো গতিতে। ম্যাথুসের বলে ফেরার আগে করলেন ৮০ বলে ৮৫ রান।
কী কী করলেন ম্যাককালাম তা চট করে দেখে নেওয়া যেতে পারে—৭৪ বলে করলেন সেঞ্চুরি, নিউজিল্যান্ডের টেস্ট ইতিহাসে সবচেয়ে দ্রুততম! টেস্ট ইতিহাসের সবচেয়ে দ্রুততম ডাবল সেঞ্চুরিরও সুযোগ ছিল। মাত্র পাঁচ রানের জন্য হাতছাড়া হয়েছে রেকর্ডটি। প্রথম কিউই ব্যাটসম্যান হিসেবে এক পঞ্জিকাবর্ষে করলেন এক হাজার রান। নিউজিল্যান্ডের পক্ষে টেস্টে এক ওভারে সর্বোচ্চ ২৬ রান তুলেছিলেন ক্রেইগ ম্যাকমিলান (ইউনিস খানের ওভারে)। সেই রেকর্ডটিও ছুঁলেন ম্যাককালাম। সুরঙ্গা লাকমলের এক ওভারে তুললেন ২৬ রান (৪, ৬, ৬, ০, ৪, ৬)। ইনিংসে ছক্কা মেরেছেন ১১টি, আরেকটি হলে ছুঁতে পারতেন সর্বোচ্চ ১২টি ছক্কা মারা ওয়াসিম আকরামের রেকর্ডটিও।
ফেব্রুয়ারিতে ভারতের বিপক্ষে দুই টেস্ট সিরিজে খেলেছিলেন ২২৪ ও ৩০২ রানের দুটি অনবদ্য ইনিংস। নভেম্বরে শারজায় পাকিস্তানের বিপক্ষে ২০২ আর আজ ১৯৫। মজার ব্যাপার হচ্ছে, এই চারটি ইনিংস বাদে একটিতেও তিন অঙ্ক তো দূরের কথা, একটি ফিফটিও করতে পারেননি ম্যাককালাম। আর পাঁচটা রান করতে পারলে বলা যেত, ম্যাককালামের দ্বিশতকের বছর! কিউইদের হাতে নাকাল হওয়ার দিনে লঙ্কান বোলারদের মধ্যে ম্যাথুসই যা একটু সফল। নিয়েছেন সর্বোচ্চ দুই উইকেট। তথ্যসূত্র: এএফপি, রয়টার্স ও ক্রিকইনফো।