ক্রাইস্টচার্চে শুরু চতুর্থ দিনের খেলা

ক্রাইস্টচার্চের আকাশ আজ একেবারেই পরিষ্কার। অবিরাম বৃষ্টিতে ক্রাইস্টচার্চ টেস্টের তৃতীয় দিনের খেলা পণ্ড হয়ে গেলেও আজ চতুর্থ দিনের খেলা মাঠে গড়িয়েছে। স্থানীয় সময় বেলা ১১টায় খেলা শুরু হয়েছে। প্রতিটি সেশন হচ্ছে আড়াই ঘণ্টার।
গত পরশু দ্বিতীয় দিনের খেলাও বৃষ্টির কারণে বন্ধ হয়ে গিয়েছিল ১৯ ওভার আগেই। ক্রাইস্টচার্চের স্থানীয় সময় সকাল ১০টা ৩৭ মিনিটে তৃতীয় দিনের খেলা শুরু হওয়ার কথা ছিল। কিন্তু আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী সারা দিন বৃষ্টি আর না থামায় বিকেল চারটায় আম্পায়াররা দিনের খেলা পরিত্যক্ত ঘোষণা করেন।
দ্বিতীয় দিনের খেলা বন্ধ হয়ে যাওয়ার সময় সাকিব আল হাসানের দুর্দান্ত বোলিংয়ে ম্যাচে ফিরে এসেছিল বাংলাদেশ। সাকিব মাত্র ৯ বলের মধ্যে মিচেল স্যান্টনার, বিজে ওয়াটলিং ও কলিন ডি গ্র্যান্ডহোমকে ফিরিয়ে দিয়েছিলেন। প্রথম ইনিংসে বাংলাদেশের ২৮৯ রানের জবাবে নিউজিল্যান্ডের সংগ্রহ ছিল ৭ উইকেটে ২৬০।