ক্রিকইনফো অ্যাওয়ার্ডে তাইজুল-তাসকিন
বাংলাদেশের জন্য ম্যাচটি হয়ে আছে দুঃস্বপ্ন। ভারতের ১০৬ রান তাড়া করতে নেমে বাংলাদেশ গুটিয়ে গিয়েছিল ৫৮ রানে। তবে দলের জন্য ভুলে যাওয়ার মতো ম্যাচটিই মনে আলাদা জায়গা নিয়ে আছে তাসকিন আহমেেদর। অভিষেকে বাংলাদেশের সেরা বোলিংয়ের রেকর্ড গড়েছিলেন। তাসকিনের সেই ২৮ রানে ৫ উইকেট জায়গা পেয়েছে ক্রিকইনফো অ্যাওয়ার্ডে সেরা ওয়ানডে বোলিংয়ের সংক্ষিপ্ত তালিকায়। টেস্টে সেরা বোলিংয়ের সংক্ষিপ্ত তালিকায় আছে জিম্বাবুয়ের বিপক্ষে মিরপুরে তাইজুল ইসলামের ম্যাচ জেতানো বোলিং (৮/৩৯)।
বছরজুড়ে সেরা পারফরমারকে নয়, ক্রিকেটের জনপ্রিয় এই ওয়েবসাইট পুরস্কৃত করে তিন সংস্করণে বছরের সেরা পারফরম্যান্সকে। বরাবরের মতো জুরিবোর্ডে ক্রিকইনফোর জ্যেষ্ঠ সম্পাদক ও লেখকদের সঙ্গে আছেন সাবেক পাঁচ ক্রিকেটার ইয়ান চ্যাপেল, মাইকেল হোল্ডিং, মার্টিন ক্রো, রাহুল দ্রাবিড় ও গ্রায়েম স্মিথ। ক্রিকইনফো।