বিশ্বকাপে বাংলাদেশ ক্রিকেট দলের ম্যানেজার হিসেবে থাকবেন জাতীয় দলের সাবেক অধিনায়ক খালেদ মাহমুদ সুজন।
আজ বৃহস্পতিবার বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) এক বৈঠকে এ সিদ্ধান্ত হয়েছে।
আজকের বৈঠকে নতুন চুক্তিবদ্ধ ক্রিকেটারদের নামও ঘোষণা করা হয়েছে। চুক্তি থেকে বাদ পড়েছেন আবদুর রাজ্জাক, সোহাগ গাজী ও রবিউল ইসলাম। চুক্তিভুক্ত হয়েছেন ইমরুল কায়েস, শফিউল ইসলাম, তাইজুল ইসলাম, আল-আমিন ও আরাফাত সানি। আজ বিসিবির এক বিজ্ঞপ্তিতে এসব কথা জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের বিভিন্ন কমিটিতে রদবদল হয়েছে। ক্রিকেট অপারেশন্স কমিটি থেকে আকরাম খানকে সরিয়ে নতুন চেয়ারম্যান করা হয়েছে নাঈমুর রহমান দুর্জয়কে। সাবেক অধিনায়ক আকরাম খানকে টুর্নামেন্ট কমিটির চেয়ারম্যান করা হয়েছে।
বৈঠকে ক্রিকেট অপারেশন্স ছাড়াও কয়েকটি কমিটিতে পরিবর্তন হয়েছে। লোকমান হোসেন ভূঁইয়াকে বাদ দিয়ে গ্রাউন্ডস কমিটির চেয়ারম্যান করা হয়েছে হানিফ ভূঁইয়াকে। ফ্যাসিলিটিজ কমিটির চেয়ারম্যানের দায়িত্ব দেওয়া হয়েছে লোকমান হোসেনকে।
বিসিবির সহসভাপতি হওয়ার পর ক্রিকেট কমিটি অব ঢাকা মেট্রোপলিশ (সিসিডিএম) ছেড়ে দিয়েছিলেন আ জ ম নাছিরউদ্দিন। সিসিডিএম চেয়ারম্যান করা হয়েছে গাজী গোলাম মর্তুজাকে। এ ছাড়া ছয়জন সাবেক ক্রিকেটারকে নিয়ে একটি টেকনিক্যাল কমিটিও করা হয়েছে।