ক্রিকেট অভিযাত্রার নেপথ্য নায়ক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাইসউদ্দিনের হাতে আজীবন সম্মাননার স্মারক তুলে দিলেন প্রথম আলো সম্পাদক মতিউর রহমান ও বাংলাদেশ এডিবল অয়েল লিমিটেডের মহাব্যবস্থাপক ইনাম আহমেদ l প্রথম আলো
রাইসউদ্দিনের হাতে আজীবন সম্মাননার স্মারক তুলে দিলেন প্রথম আলো সম্পাদক মতিউর রহমান ও বাংলাদেশ এডিবল অয়েল লিমিটেডের মহাব্যবস্থাপক ইনাম আহমেদ l প্রথম আলো

প্রথম আলোর বর্ষসেরা পুরস্কার অনুষ্ঠানে প্রতিবারই তাঁকে খুঁজে পাওয়া যায় দর্শকের সারিতে। নিজেই বলেন, ‘এই অনুষ্ঠান আমি কখনো মিস করিনি।’ তিনি এসেছিলেন কালও। তবে একা নন। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সাবেক সাধারণ সম্পাদক ও ক্রিকেট সংগঠক রাইসউদ্দিন আহমেদ এলেন সপরিবারে। রূপচাঁদা-প্রথম আলো ক্রীড়া পুরস্কার আজীবন সম্মাননার স্মারক যে এবার তাঁর হাতেই!
প্রথম আলো সম্পাদক মতিউর রহমান ও বাংলাদেশ এডিবল অয়েল লিমিটেডের মহাব্যবস্থাপক ইনাম আহমেদের হাত থেকে আজীবন সম্মাননার স্মারক পেয়ে আবেগ ধরে রাখতে পারেননি প্রবীণ এই সংগঠক। ধরে আসা কণ্ঠে প্রতিক্রিয়া জানাতে গিয়ে ১৯৯৭ সালে পাওয়া জাতীয় ক্রীড়া পুরস্কারের চেয়েও উঁচুতে রাখলেন এই পুরস্কারকে, ‘আমি এর আগে জাতীয় পুরস্কারও পেয়েছি। কিন্তু প্রথম আলোর এই পুরস্কারকেই আমি সর্বোৎকৃষ্ট মনে করি।’ এমসিসির আজীবন সদস্য রাইসউদ্দিন আহমেদ। তাঁর দৃষ্টিতে, গতকাল পাওয়া আজীবন সম্মাননা সেই সদস্যপদের চেয়েও বড় প্রাপ্তি।
আজন্ম এক সংগঠক তিনি। ১৯৪৯-৫০-এর দিকে সেন্ট গ্রেগরিজ হাইস্কুলে পড়া অবস্থায় গড়ে তোলেন ওয়ারী বয়েজ অ্যাথলেটিক ক্লাব। সংগঠক জীবনের সে-ই শুরু। সাংগঠনিক দক্ষতায় নিজেকে একে একে সম্পৃক্ত করেন স্কোয়াশ, বাস্কেটবল, ফুটবল, হকি ও ক্রিকেট খেলার সঙ্গে। ছাত্রাবস্থাতেই পূর্ব পাকিস্তান স্পোর্টস ফেডারেশনের সর্বকনিষ্ঠ সেক্রেটারির দায়িত্ব পান, অলংকৃত করেন পাকিস্তান বাস্কেটবল ফেডারেশনের সহসভাপতির পদ। ছিলেন ক্রীড়া ফেডারেশনগুলোতে পশ্চিম পাকিস্তানের সঙ্গে পূর্ব পাকিস্তানের সমান অংশীদারত্বের দাবি আদায়ের অগ্রপথিকদের একজন। এ ছাড়া পূর্ব পাকিস্তানের প্রতিনিধিত্ব করেন পাকিস্তান অলিম্পিক অ্যাসোসিয়েশন ও পাকিস্তান ক্রিকেট বোর্ডে। ইগলেটস ক্লাবের উদ্যোগে দুই পাকিস্তানের দল নিয়ে আয়োজিত কারদার সামার ক্রিকেট টুর্নামেন্ট ছিল তাঁর মস্তিষ্কজাত।
১৯৭৫ থেকে ১৯৮১ সাল পর্যন্ত তিনি ছিলেন বিসিবির সাধারণ সম্পাদক। ১৯৯১ থেকে ২০০১ পর্যন্ত সহসভাপতি। বাংলাদেশে এমসিসি ক্রিকেট দলের আগমন ও আইসিসির সহযোগী সদস্যপদ পাওয়ার ক্ষেত্রে তাঁর ছিল প্রত্যক্ষ অবদান। সংগঠক পরিচয়ে বেশি পরিচিত হলেও একসময় রাইসউদ্দিন আহমেদের দাপট ছিল খেলার মাঠেও। ঢাকা প্রথম বিভাগ ফুটবল লিগের কনিষ্ঠতম খেলোয়াড় তিনি। ঢাকা বিশ্ববিদ্যালয় ক্রিকেট দলের অধিনায়ক ছিলেন, বিশ্ববিদ্যালয়ের হয়ে প্রতিনিধিত্ব করেছেন কায়েদে আজম ট্রফিতে।
এত সব অর্জনের পেছনে বাবা-মায়ের অবদানের কথাই সবার আগে মনে পড়ে রাইসউদ্দিন আহমেদের। বাবা মোহাম্মদ হারুন মল্লি­ক ছিলেন সরকারি কর্মকর্তা। মা রাইসা হারুন নারীনেত্রী। ছোটবেলা থেকে শৃঙ্খলাবদ্ধ জীবন যেমন দেখেছেন, দেখেছেন অধিকার আদায়ের দাবিতে কীভাবে সংগঠিত করতে হয় ঘরের কোণে পড়ে থাকা অসহায় নারীদের। সংগঠকসত্তার বীজটা তাঁদের কাছ থেকেই পাওয়া। রূপচাঁদা-প্রথম আলো আজীবন সম্মাননার পুরস্কারটি তাই তিনি উৎসর্গ করলেন বাবা-মাকেই।