ক্রিকেট অস্ট্রেলিয়ার হুমকি স্মিথদের
টিক টিক করে এগিয়ে চলছে ঘড়ির কাঁটা। ধীরে ধীরে গভীর সংকটের দিকেই যেন এগিয়ে যাচ্ছে অস্ট্রেলীয় ক্রিকেট। আগামীকালই শেষ হচ্ছে ক্রিকেট অস্ট্রেলিয়ার (সিএ) সঙ্গে ক্রিকেটারদের বর্তমান চুক্তির মেয়াদ। আর্থিক বিষয় নিয়ে বোর্ডের সঙ্গে দ্বদ্বে ক্রিকেটাররা নতুন চুক্তি না করলে ১ জুলাই থেকে বেকার হয়ে যাবেন। এরই মধ্যে স্টিভ স্মিথদের বড় এক হুমকি দিয়ে রাখল সিএ।
কাল সিএর টিম পারফরম্যান্স ম্যানেজার প্যাট হাওয়ার্ড এক ই-মেইল বার্তায় পরিষ্কার বলে দিয়েছেন, বোর্ডের অনুমতি ছাড়া যেকোনো ধরনের ক্রিকেটে অংশ নিলে ছয় মাসের জন্য নিষিদ্ধ হয়ে যাবেন অস্ট্রেলিয়ার ক্রিকেটাররা। ক্রিকেটাররা প্রদর্শনী ম্যাচ আয়োজন করতে পারেন, জাতীয় দল বাদ দিয়ে খেলতে পারেন বিদেশি টি-টোয়েন্টি লিগে—এমন আলোচনা উঠতেই এল এই সতর্কবার্তা।
ক্রিকেটারদের বিদেশি টি-টোয়েন্টি লিগে খেলার অনাপত্তিপত্র দেওয়া হবে কি না হাওয়ার্ড ই-মেইলবার্তায় লিখেছেন, সেটি নিয়েও ভাবছেন তাঁরা, ‘খেলোয়াড়েরা (যাঁদের চুক্তি নেই তাঁরাও) ক্রিকেট অস্ট্রেলিয়ার অনুমতি ছাড়া আইসিসি অনুমোদিত ক্রিকেট খেলতে পারবেন না। যাঁরা অননুমোদিত ক্রিকেট খেলবেন তাঁরা আইসিসি অনুমোদিত ক্রিকেট থেকে ছয় মাস নিষিদ্ধ হবেন।’
আগামী নভেম্বরে শুরু হয়ে জানুয়ারিতে শেষ হবে অ্যাশেজ সিরিজ। যার অর্থ নিষিদ্ধ হলে অ্যাশেজও খেলা হবে না ‘দোষী’ ক্রিকেটারদের।
৩০ জুন বর্তমান চুক্তির মেয়াদ শেষ হলেও অস্ট্রেলীয় ক্রিকেটাররা ১৪ জুলাই পর্যন্ত সময় পাবেন নতুন সমঝোতা স্মারকে (এমওইউ) স্বাক্ষর করার। ক্রিকইনফো।