ক্রিকেট এখন 'রানখেকো পশু'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ডিন জোনস।
ডিন জোনস।

ওয়ানডে ম্যাচে ৩০০ বা তার বেশি রান হওয়াটাই এখন স্বাভাবিক। ৩০০ রান না করতে পারাটাকেই বরং ব্যর্থতা হিসেবে ধরা হয়। এমন নয় যে ৩০০ রান করে নিশ্চিন্ত থাকা যায় ! এই রানও যে খুব সহজেই টপকে যাচ্ছে প্রতিপক্ষ। তবে আধুনিক ক্রিকেটে রানের এই ফল্লুধারায় যারা পুলকিত, তাদের মন খারাপ হয়ে যেতে পারে সাবেক অস্ট্রেলীয় ক্রিকেটার ডিন জোনসের একটি কলাম পড়লে। অস্ট্রেলিয়ার সিডনি মর্নিং হেরাল্ডে তিনি লিখেছেন, ওয়ানডে ক্রিকেটে রানের বন্যা বইছে, কারণ বোলিংয়ের মান এই মুহূর্তে ইতিহাসের সর্বনিম্ন পর্যায়ে আছে।

আন্তর্জাতিক ক্রিকেট সূচিতে মাত্রাতিরিক্ত ব্যস্ততাই বোলিংয়ের মান নিচে নেমে যাওয়ার মূল কারণ বলে মনে করেন জোনস। তাঁর মতে, ‘আন্তর্জাতিক ক্রিকেটের সময়সূচির সঙ্গে তাল মিলিয়ে যেকোনো বোলারের পক্ষেই তার সেরাটা দেওয়া অসম্ভব হয়ে দাঁড়িয়েছে।’

বোলারদের দুর্বলতার জায়গাগুলোও বিশ্লেষণ করেছেন আশি-নব্বইয়ের দশকে অন্যতম সেরা এই অস্ট্রেলীয় ব্যাটসম্যান, ‘বোলাররা ঠিক লাইন ও লেংথে বোলিং করতে পারছে না। ব্যাটসম্যানদের দুর্বলতার জায়গাগুলো বিশ্লেষণেও তাদের সমস্যা থেকে যাচ্ছে। ম্যাচের পরিস্থিতি বুঝতেও অপারগ এখনকার বোলাররা।’

অতিরিক্ত ম্যাচই আন্তর্জাতিক ক্রিকেটারদের জন্য পরিস্থিতি দিন দিন কঠিন থেকে কঠিনতর করে তুলছে বলে মনে করেন জোনস, ‘বর্তমান সময়ের ক্রিকেটে শারীরিকভাবে একজন ক্রিকেটারকে সর্বোচ্চ ফিট হতে হবে। ১১ দিনের মধ্যে যদি ৫টা একদিনের ম্যাচ কোনো খেলোয়াড়কে খেলতে হয়, তাহলে এর উচ্চমান বজায় রাখাটা খুবই কঠিন।’

জোনস এখনকার ক্রিকেটারদের প্রতি সহানুভূতিশীলই, ‘আমার কাছে খুবই অবাক লাগে। কঠিন সময়সূচির মধ্যে যে খেলোয়াড় ঠিকমতো বিশ্রামেরই সুযোগ পায় না, তারা কীভাবে পরের ম্যাচের জন্য সর্বোচ্চ প্রস্তুতি নেবে!’

গত বছর অস্ট্রেলিয়ায় অনুষ্ঠিত বিশ্বকাপ ক্রিকেটের খোলনলচে পুরোপুরি পাল্টে দিয়েছে বলে অভিমত জোনসের। বিশ্বকাপ পরবর্তী সময়ের ক্রিকেটকে তিনি তুলনা করেছেন, ‘রান-খেকো’ এক পশুর সঙ্গে, ‘এই পশুটি শুধু রান চায়। ব্যাপারটা এমন দাঁড়িয়েছে যে আগে ব্যাট করে যদি কোনো দল ৩০০ রান করতে না পারে তাহলে তাঁকে নিশ্চিত হারের মুখে পড়তে হচ্ছে। ’

খেলা থেকে ভয়ংকর মতো ফাস্ট বোলার কিংবা খুব ভালো মানের স্পিনারদের হারিয়ে যাওয়াকেও এই অবস্থার অন্যতম কারণ হিসেবে দেখছেন জোনস, ‘মিচেল স্টার্ক ছাড়া কোনো বোলারই এখন ১৫০ কিলোমিটার গতিতে বল করতে পারে না। যেসব স্পিনাররা “দুসরা” করতে পারত, তারাও এখন খেলাটা থেকে হারিয়ে গেছে। ব্যাটসম্যানরাও মজা পেয়ে গেছে। মাঠে নেমে সবাইকে ধন্যবাদ দিয়েই সহজেই পেটানো শুরু করছে।’