ক্রিকেট কার্নিভালের শেষ আজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

২ ও ৩ সেপ্টেম্বর কক্সবাজারে ফিরে এসেছিল ক্রিকেটের সোনালি অতীত। আকরাম খান, মিনহাজুল আবেদীন, নাঈমুর রহমান, হাবিবুল বাশার, খালেদ মাসুদরা আবারও মেতে উঠেছিলেন ব্যাট-বল হাতে। সাগরপারের শেখ কামাল আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে বসে সাবেক ক্রিকেটারদের মিলনমেলা।

কক্সবাজারে শুরু হওয়া ক্রিকেট উৎসবের সমাপ্তি ঘটবে আজ মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে। দুপুর ২টায় শুরু ওয়ালটন মাস্টার্স ক্রিকেট কার্নিভালের ফাইনালে মুখোমুখি হবে সেলিম শাহেদের দল এক্সপো অল স্টারস মাস্টার্স ও হাবিবুল বাশারের জেমকন খুলনা মাস্টার্স। ২৫ ওভারের ফাইনালটি সরাসরি দেখাবে চ্যানেল আই।

ফাইনাল এই দুই দলের মধ্যে হলেও টুর্নামেন্টের ৬ ‌‘মার্কি’ খেলোয়াড়কেই মাঠে দেখা যাবে আজ। জেমকন খুলনা মাস্টার্সের হয়ে মাঠে নামবেন আকরাম খান, খালেদ মাহমুদ ও মোহাম্মদ রফিক। আর এক্সপো অলস্টারস মাস্টার্সে দেখা যাবে মিনহাজুল আবেদীন, নাঈমুর রহমান ও খালেদ মাসুদকে।

সাবেক ক্রিকেটারদের টুর্নামেন্ট মাস্টার্স ক্রিকেট কার্নিভাল এখন থেকে প্রতিবছরই হবে বলে জানিয়েছেন আয়োজকেরা। প্রতিবছর খেলার পাশাপাশি সম্মাননা জানানো হবে দেশের ক্রিকেটের অগ্রযাত্রায় অবদান রাখা বিশিষ্ট ব্যক্তিদের। ফাইনালে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিসিবি সভাপতি নাজমুল হাসান।