ক্রিকেট খেলতে বাধা নেই রবিনসনের

টেস্ট অভিষেকে ৭ উইকেট নিয়েছিলেন ওলি রবিনসন।ছবি: রয়টার্স
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অবশেষে ক্রিকেটে ফিরছেন ইংলিশ পেসার ওলি রবিনসন। পুরোনো বর্ণবাদী ও নারীবিদ্বেষী টুইটের জন্য অনির্দিষ্টকালের জন্য নিষিদ্ধ হয়েছিলেন ইংল্যান্ডের হয়ে একটি টেস্ট খেলা এই ক্রিকেটার। এই সময়টায় রবিনসনের টুইট নিয়ে তদন্ত করেছে ইসিবির তিন সদস্যের স্বাধীন ক্রিকেট শৃঙ্খলা কমিশন (সিডিসি)। গত ৩০ জুন রবিনসনের শুনানিও হয়।

এরপর সিডিসি রবিনসনকে আট ম্যাচের জন্য নিষিদ্ধ করে, যার মধ্যে পাঁচ ম্যাচ হচ্ছে স্থগিত নিষেধাজ্ঞা। আগামী দুই বছরের মধ্যে একই ভুল আবার করলে পাঁচ ম্যাচের স্থগিত নিষেধাজ্ঞা কার্যকর হবে। তাঁকে ৩ হাজার ২০০ পাউন্ড জরিমানাও করা হয়েছে।

রবিনসনের টুইট-কাণ্ড সামনে আসে গত ২ জুন। রবিনসন তখন লর্ডসের মাঠে নিউজিল্যান্ডের বিপক্ষে খেলছিলেন তাঁর ক্যারিয়ারের প্রথম টেস্ট। নিউজিল্যান্ড সিরিজের পরের দ্বিতীয় টেস্ট ও সাসেক্সের হয়ে দুটি টি-টোয়েন্টি ব্ল্যাস্টের ম্যাচ খেলতে পারেননি তিনি। রবিনসনের নিষেধাজ্ঞার আওতায় পড়েছে ওই তিনটি ম্যাচ। যার অর্থ আজ থেকেই ক্রিকেট খেলতে বাধা নেই রবিনসনের। তবে রবিনসনকে সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার এবং বর্ণবৈষম্য দূরকরণবিষয়ক প্রশিক্ষণ কর্মশালায় অংশ নিতে হবে।

টেস্ট অভিষেকে ব্যাট হাতেও ভালো করেছিলেন রবিনসন।
ছবি: রয়টার্স

নিজের শাস্তি মেনে নিয়ে রবিনসন বলেছেন, ‘আমি সিডিসির সিদ্ধান্ত মেনে নিচ্ছি। আমি আগেও বলেছি, অনেক বছর আগে যা টুইট করেছি, তা নিয়ে খুবই লজ্জিত। এর জন্য আমি ক্ষমা চাইছি। এটা আমার পেশাদার ক্যারিয়ারের সবচেয়ে কঠিন সময়। যেখান থেকে আমি সামনে এগিয়ে যেতে চাই। এই অভিজ্ঞতাটা যেন বাকিদেরও সাহায্য করে সেই চেষ্টা করব।’

সে যেহেতু শাস্তি পেয়েছে, এখন তার ইংল্যান্ডের হয়ে খেলতে কোনো বাধা নেই।
টম হ্যারিসন, ইসিবি সিইও

ইসিবির প্রধান নির্বাহী কর্মকর্তা টম হ্যারিসনও তাঁদের ক্রিকেটারদের আচরণবিধিতে আরও উন্নতির জন্য রবিনসনের ঘটনাকে উদাহরণ হিসেবে দেখছেন। তিনি বলেছেন, ‘যে সিদ্ধান্ত দেওয়া হয়েছে, তা আমরা মেনে নিচ্ছি। রবিনসনও তার ভুল বুঝতে পেরেছে। অনেক বছর আগের এই টুইটগুলো একদমই গ্রহণযোগ্য নয়। সে যেহেতু শাস্তি পেয়েছে, এখন তার ইংল্যান্ডের হয়ে খেলতে কোনো বাধা নেই। আমরা সব ধরনের বৈষম্যের বিরোধী এবং ক্রিকেট যে সবার খেলা, সেটা আমাদের নিশ্চিত করতে হবে।’

মাঠের বাইরের বিতর্কে এলোমেলো হয়ে যাওয়া রবিনসনের আন্তর্জাতিক ক্রিকেটের শুরুটা কিন্তু ছিল দুর্দান্ত। ২৭ বছর বয়সী রবিনসন তাঁর অভিষেক ম্যাচে নিয়েছেন ৭ উইকেট, ব্যাট হাতে করেছেন ৪২ রান। লর্ডসের সেই টেস্ট ম্যাচে ইংল্যান্ডের সেরা পারফরমার ছিলেন এই রবিনসনই। কিন্তু গত এক মাসে রবিনসনের ক্রিকেটের চেয়ে তাঁর টুইট নিয়েই আলোচনা হয়েছে বেশি।

রবিনসন বিতর্কিত টুইটগুলো করেছিলেন ২০১২ থেকে ২০১৪ সালের মধ্যে। সে সময়ে তাঁর বয়স ২০–ও হয়নি।