ক্রিকেট ছাড়তে চেয়েছিলেন টেন্ডুলকার!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
শচীন টেন্ডুলকার
শচীন টেন্ডুলকার

সাম্প্রতিক সময়ে দেখা যাচ্ছে, নতুন আত্মজীবনী মানেই বিতর্কের ঝড়! কেভিন পিটারসেনের আত্মজীবনী নিয়ে তোলপাড় হয়েছে ইংলিশ ক্রিকেটে, ম্যানচেস্টার ইউনাইটেডের সাবেক আইরিশ মিডফিল্ডার রয় কিনের আত্মজীবনী ঝড় তুলেছে ইংল্যান্ডের ঘরোয়া ফুটবলে। ফ্রান্সের সাবেক কোচ রেমন্ড ডমেনেখের আত্মজীবনী কাঁপিয়ে দিয়েছে ফরাসি ফুটবলকে। এবার এমন একজনের আত্মজীবনী প্রকাশিত হতে যাচ্ছে, যাঁর দিকে শ্রদ্ধাবনত চাহনি পুরো ক্রিকেটবিশ্বের। ক্যারিয়ারজুড়ে যিনি ছিলেন প্রায় বিতর্কমুক্ত ও কালিমাহীন; বৃহস্পতিবার উন্মোচন হতে যাওয়া সেই ক্রিকেট-ঈশ্বর শচীন টেন্ডুলকারের ‘প্লেইং ইট মাই ওয়ে’ আত্মজীবনী কি জন্ম দেবে নতুন কোনো বিতর্কের?
সময়ই সবকিছু বলবে। তবে প্রকাশিত হওয়ার আগেই গণমাধ্যমে চলে এসেছে টেন্ডুলকার আত্মজীবনীর চুম্বক অংশ, সেখানেই মিলেছে নতুন একটি তথ্য। নব্বই দশকের শেষের দিকে অধিনায়ক থাকাকালীন একবার ক্রিকেট থেকেই সরে দাঁড়াতে চেয়েছিলেন টেন্ডুলকার! ১৯৯৭-এ ওয়েস্ট ইন্ডিজের মাটিতে বিস্মরণযোগ্য ব্যর্থতাই তাঁকে বাধ্য করেছিল এমনটা ভাবতে।
টানা দুই টেস্ট ড্রয়ের পর তৃতীয় টেস্টে জয় পেতে চতুর্থ ইনিংসে লক্ষ্য ছিল মাত্র ১২০ রানের, কিন্তু ব্যাটসম্যানদের শোচনীয় ব্যর্থতায় মাত্র ৮১ রানেই গুটিয়ে যায় ভারত! টেন্ডুলকার লিখেছেন, ‘সোমবার, ৩১ মার্চ, ১৯৯৭—ভারতীয় ক্রিকেটের জন্য এক অন্ধকার দিন। নিঃসন্দেহে অধিনায়ক হিসেবে আমার ক্যারিয়ারের সবচেয়ে বাজে দিন। যদিও সেটি কঠিন উইকেট ছিল, তবু সত্যি বলতে কী, এমন ব্যাটিংয়ের কোনো অজুহাত হয় না। ভিভিএস লক্ষ্মণ ছাড়া আর কেউ দুই অঙ্কের ঘরে পৌঁছায়নি। আমার দেখা সবচেয়ে বাজে ব্যাটিং প্রদর্শনী ছিল সেটি।’ জানিয়েছেন ওই হারের পর তাঁর অভিজ্ঞতাও, ‘ওই হারে আমি বিপর্যস্ত হয়ে পড়েছিলাম। হারের ধাক্কা কাটিয়ে উঠতে টানা দুই দিন দরজা আটকে নিজের রুমে বসে ছিলাম। এখনো ওই সিরিজের কথা মনে পড়লে আমার কষ্ট হয়।’
একটি, দুটি নয়...চব্বিশটি বছর ধরে হেসেছে তাঁর ব্যাট। কিন্তু অধিনায়ক হিসেবে এই কিংবদন্তিকে পার করতে হয়েছে বাজে একটা সময়! ’৯৬ থেকে ২০০০ পর্যন্ত ২৫ টেস্টে নেতৃত্ব দিয়েছেন। জয় মাত্র ৪টি, হার ৯ এবং ড্র ১২টি। নিজের সেরাটা ঢেলে দেওয়ার পরও এই ব্যর্থতা মেনে নিতে কষ্ট হতো তাঁর, ‘আমি হারকে ঘৃণা করতাম এবং ভয়াবহ এই সময়ে অধিনায়ক হিসেবে নিজেকেই দায়ী করতাম। একের পর এক ম্যাচ এভাবে হাতের মুঠো থেকে চলে যাওয়ায় আমি ভীত হয়ে পড়েছিলাম। সবটুকুই নিংড়ে দিয়েছিলাম, আমি নিশ্চিত ছিলাম না যে আর ০.১ ভাগও আমি দিতে পারতাম।’ ব্যর্থতার বৃত্ত থেকে বেরোতে না পারার হতাশায় ছেড়ে দিতে চেয়েছিলেন ক্রিকেটই, ‘আমি খেলাটি থেকে পুরোপুরি নিজেকে সরিয়ে নিতে চেয়েছিলাম। কোনো কিছুই আমার পক্ষে যাচ্ছিল না।’ এএফপি, ক্রিকইনফো।