ক্রিকেট ছাড়বেন না ক্লার্ক

কেউ বলছেন, ক্যারিয়ার-সায়াহ্নে চলে এসেছেন। কারও মতে, তাঁর ভালো করার ক্ষুধাটাই কমে গেছে। কেউ শেষ দেখছেন তাঁর মুখচ্ছবিতেই। কিন্তু যাঁকে নিয়ে এত সমালোচনা, সেই মাইকেল ক্লার্ক কী বলছেন?
সমালোচনায় আপত্তি নেই অস্ট্রেলিয়ান অধিনায়কের। পারফরম্যান্স ভালো না হলে প্রশ্ন উঠবে—এটাই তো স্বাভাবিক। এজবাস্টন টেস্টের পর ক্লার্ক নিজেই নিজেকে কাঠগড়ায় দাঁড় করিয়েছেন। অন্যদের সমালোচনাটাও যদি পারফরম্যান্স নিয়ে হয়, তাতে আপত্তি নেই ক্লার্কের। কিন্তু তাঁর ভালো করার ক্ষুধা নিয়ে প্রশ্ন তোলাটা অবান্তর বলেই মনে করেন অস্ট্রেলিয়ার ইতিহাসে অন্যতম সেরা এই ব্যাটসম্যান।
সিডনির ডেইলি টেলিগ্রাফ পত্রিকায় এক কলামে ক্লার্ক লিখেছেন, ‘আমার খেলা নিয়ে এ মুহূর্তে যেসব সমালোচনা হচ্ছে, সেগুলো আমার প্রাপ্য। আমি অন্য কিছু আশাও করি না, বিশেষ করে দলের অধিনায়ক হিসেবে। কিন্তু আমি শুনেছি, কিছু লেখায় আমার ভেতরে ক্ষুধা নেই বলে প্রশ্ন তোলা হয়েছে। কেউ বলেছেন, আমার চোখেই নাকি দেখেছেন যে এই সিরিজের পরই আমার শেষ। এটা সম্পূর্ণ বাজে কথা।’
কারও নাম বলেননি, কিন্তু ইঙ্গিতটা হয়তো সিডনি মর্নিং হেরাল্ড-এর প্রধান ক্রীড়া লেখক অ্যান্ড্রু ওয়েবস্টার ও দ্য অস্ট্রেলিয়ান-এর ক্রিকেট লেখক পিটার লেলরের কলামগুলোর দিকে। পরশু নিজের কলামে ওয়েবস্টার লিখেছেন, প্রতিবার অল্প রানে আউট হয়ে যাওয়ার পর ক্লার্কের অভিব্যক্তি দেখেই নাকি বোঝা যায় ক্লার্কের শেষ চলে এসেছে। লেলরও মনে করেন, ট্রেন্ট ব্রিজ টেস্টে ব্যর্থতা ক্লার্কের ক্যারিয়ারের সমাপ্তিই টেনে দেবে। কড়া ভাষাতেই এসব সমালোচনার জবাব দিয়েছেন ক্লার্ক, ‘আজ পর্যন্ত আমিই সবার আগে অনুশীলনে আসি এবং সবার পরে যাই। সুতরাং আমাকে বলবেন না যে, আমার ক্ষুধা আর সুতীব্র ইচ্ছা নেই। ক্রিকেট ছাড়ার কোনো ইচ্ছেই নেই আমার।’
উদাহরণ হিসেবে ক্লার্ক ৩৭ বছর বয়সী সতীর্থ ক্রিস রজার্সের প্রসঙ্গও টেনেছেন, ‘ক্রিস রজার্স ক্যারিয়ারের দ্বিতীয় টেস্টটা খেলার জন্য ৩৫ বছর বয়স পর্যন্ত অপেক্ষা করেছে। আমার তো ৩৪, ৩৭ নয়। এই সিরিজের পরও আমি অস্ট্রেলিয়ার হয়ে খেলতে চাই। তবে সবার মতো আমাকেও পারফরম্যান্স দিয়েই বিচার করা হবে।’
অযৌক্তিক সমালোচনাগুলো যে তাঁকে কষ্ট দেয় ক্লার্ক স্বীকার করেছেন সেটাও, ‘আমার ভালো করার ক্ষুধা নিয়ে প্রশ্ন তোলাটা আমাকে খুব যন্ত্রণা দেয়, সবচেয়ে যন্ত্রণা দেয়। কারণ প্রতিদিন আরও ভালো করার চেষ্টা করি বলে আমি গর্বিত। ১৩ বছর এই দলে খেলার পরও আমার মনে হয় আমি আরও উন্নতি করতে পারি।’
ঠিক এই সময়ে অবশ্য সেই চেষ্টাগুলো খুব একটা কাজে আসছে না। অ্যাশেজে প্রথম তিন টেস্টের ছয় ইনিংসে ১৮.৮০ গড়ে ৯৪ রান, গত ডিসেম্বরে ভারতের বিপক্ষে অ্যাডিলেডে ১২৮ রান করার পর টেস্টে আর কোনো সেঞ্চুরি নেই। ক্লার্ক অবশ্য মনে করেন বড় একটা ইনিংস খেলতে তাঁর শুধু লাগবে একটু ভাগ্যের ছোঁয়া, ‘চাপের মুখে আমি আগেও ঘুরে দাঁড়িয়েছি, এবারও সেই চ্যালেঞ্জের সামনে। এই সিরিজে আমি একবারই সেট হয়ে গিয়েছিলাম, লর্ডসে যখন দ্বিতীয় ইনিংস ঘোষণা করি (ক্লার্ক তখন ৩২ রানে অপরাজিত)। ও রকম আরেকটা ইনিংস দরকার আমার। পরিশ্রম, আত্মবিশ্বাস আর কিছুটা ভাগ্যের সাহায্য লাগবে আমার ৩০ পর্যন্ত যেতে। আর সেটা হলেই আমি অন্য জায়গায় থাকব।’
ট্রেন্ট ব্রিজে ঘুরে দাঁড়াতে হলে অস্ট্রেলিয়ারও হয়তো এই ‘অন্য’ ক্লার্ককে লাগবে। এএফপি, রয়টার্স।