ক্রিকেট ছাড়লেন প্রায়র
একিলিস চোটের সঙ্গে যুদ্ধে জিততে পারলেন না ম্যাট প্রায়র। হার স্বীকার করে নিয়ে কাল সব ধরনের ক্রিকেট ছাড়ার ঘোষণা দিলেন ইংলিশ উইকেটকিপার।
চোট থেকে সেরে উঠতে গত সেপ্টেম্বরে শল্যবিদের ছুরির নিচে যান প্রায়র। ইংল্যান্ডের হয়ে ৭৯টি টেস্ট খেলা এই উইকেটকিপার ব্যাটসম্যান আশা করেছিলেন সেরে উঠবেন ২০১৫ ইংলিশ মৌসুম শুরুর আগেই, খেলবেন সাসেক্সের হয়ে। কিন্তু প্রত্যাশামতো পুনর্বাসন-প্রক্রিয়া না এগোতেই তেত্রিশেই ক্রিকেট ছাড়ার ঘোষণা দিলেন। তাই গত বছর ভারত-ইংল্যান্ডের লর্ডস টেস্টটাই হয়ে রইল প্রায়রের সর্বশেষ ক্রিকেট ম্যাচ। ২০০৭ থেকে ২০১৪ সালের মধ্যে ৭৯ টেস্টে ৪০৯৯ রান করা প্রায়র উইকেটের পেছনে শিকার ধরেছেন ২৫৬টি (২৪৩ ক্যাচ ও ১৩ স্টাম্পিং)। ইংল্যান্ডের উইকেটকিপারদের মধ্যে একমাত্র অ্যালান নটই প্রায়রের চেয়ে বেশি ডিসমিসাল (২৬৯) করেছেন।
টেস্ট অভিষেকেই সেঞ্চুরি, কিন্তু তিনটি অ্যাশেজজয়ী দলের সদস্য প্রায়রের বিদায়টা হলো বিষাদমাখাই। অবসরের ঘোষণা দিতে গিয়ে ৬৮টি ওয়ানডে ও ১০টি টি-টোয়েন্টি খেলা প্রায়র বললেন, ‘আমার জন্য খুবই বিষাদের দিন আজ। কারণ আমার প্রিয় খেলা থেকে অবসরের ঘোষণা দিতে বাধ্য হলাম।’ এএফপি, দ্য গার্ডিয়ান।