ক্রিকেট ছেড়ে বেসবলে!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কাইরান পাওয়েল
কাইরান পাওয়েল

কাইরান পাওয়েলকে মনে আছে? বাংলাদেশের ক্রিকেটারদের অন্তত মনে থাকার কথা। তিন বছর আগে ঢাকা টেস্টে জোড়া সেঞ্চুরি করেছিলেন এই ওয়েস্ট ইন্ডিজ ব্যাটসম্যান। অথচ এই বছর যুক্তরাষ্ট্রের মেজর লিগ বেসবলে (এমএলবি) খেলে ফেলতে পারেন! এর মধ্যেই এমএলবি দল এলএ ডজার্স তাঁকে পরখ করে দেখতেও চেয়েছে।
কিন্তু ক্রিকেট ছেড়ে হুট করে বেসবলে কেন? দুটি খেলারই মূল ধারণাটা একই, বল পেটানো। কিন্তু অন্য সব নিয়মে বিস্তর তফাত। পাওয়েল জানাচ্ছেন, এলএ ডজার্স তাঁর ব্যাটিংয়ের ভিডিও দেখেই আগ্রহ দেখিয়েছে। আপাতত পাওয়েল ক্রিকেটের জ্ঞানকে সম্বল করেই নেমে পড়তে চাইছেন। এর মধ্যেই ফ্লোরিডায় আস্তানা গেড়ে অনুশীলনও শুরু করে দিয়েছেন।
কিন্তু তাহলে কি ক্রিকেটকে বিদায়ই বলে দিলেন? ওয়েস্ট ইন্ডিজের হয়ে সর্বশেষ খেলেছিলেন গত বছরের জুনে। এরপর ২৫ বছর বয়সী ক্রিকেটার দলে জায়গা হারিয়ে ফেলেন। ঘরোয়া ক্রিকেটে অবশ্য টুকটাক খেলছিলেন। কিন্তু এখন বেসবলকেই করতে চাইছেন জীবনের ধ্রুবতারা, ‘বেসবল খুবই মজার একটা খেলা। এ মুহূর্তে এটাকেই আমি অগ্রাধিকার দিচ্ছি। এটা ঠিক, ক্রিকেটই আমার প্রথম প্রেম। তবে এখন পর্যন্ত বেসবলের প্রতিটি মিনিটই আমি উপভোগ করেছি, আশা করি ক্যারিয়ারের বাকি সময়েও সেটাই করতে পারব।’
অথচ ক্রিকেটে এসেছিলেন দারুণ সম্ভাবনা নিয়ে। ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ড প্রেসিডেন্ট ডেভ ক্যামেরন তো তাঁকে ভবিষ্যৎ অধিনায়ক হিসেবেই দেখছিলেন। ২১ টেস্টে ২৭.৪৮ গড় অবশ্য খুব একটা আহামরি নয়। ক্রিকেটে যে প্রত্যাশা পূরণ করতে পারেননি, বেসবলে কি পাওয়েল সেটি পারবেন? সিডনি মর্নিং হেরাল্ড।