ক্রিকেট থেকে ছুটি
বোর্ডার-গাভাস্কার ট্রফিতে তবু লড়ে হেরেছিল ভারত। ত্রিদেশীয় ওয়ানডে সিরিজটায় পারফরম্যান্স হতাশাজনক। কন্ডিশনের সঙ্গে আগে মানিয়ে নেওয়ার কাজটা হয়তো কিছুটা হয়েছে, কিন্তু ত্রিদেশীয় সিরিজের পারফরম্যান্স আত্মবিশ্বাসে একটা বড় ধাক্কাই দিয়েছে ভারতকে। সেটা থেকে তো বেরিয়ে আসতে হবে। কী উপায়? বিশ্বকাপের আগে আর প্রতিযোগিতামূলক ম্যাচ নেই। ক্রিকেট থেকে একটু দূরে সরে গিয়ে তাই মানসিকভাবে একটু চাঙা হওয়ার চেষ্টা করছে ভারতীয় দল। অ্যাডিলেডের টিম হোটেলে চলছে ছুটির আমেজ। ল্যাপটপে নতুন হিন্দি ছবি, কানে ইয়ারফোন গুঁজে পছন্দের হিন্দি গান৷ তার মধ্যে যদি কারও ইচ্ছে হয় তবে হঠাৎ একটা জিম সেশন।
ছুটিটা হয়তো আরও একটু জমিয়ে উপভোগ করতে চেয়েছিলেন অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি। তিন পেসার ইশান্ত শর্মা, ভুবনেশ্বর কুমার আর মোহিত শর্মাকে নিয়ে বেরিয়ে পড়লেন গাড়ি নিয়ে। গন্তব্য অ্যাডিলেড থেকে ১৫০ কিলোমিটার দূরে অ্যাডভেঞ্চার স্পোর্ট পার্ক। কী আছে সেখানে? বোটিং, ফিশিং, ট্রেকিংয়ের জন্য আদর্শ জায়গা। প্রকৃতির সঙ্গে দুই দিন কাটিয়ে আজ আবার দলের সঙ্গে হোটেলে যোগ দেওয়ার কথা ধোনিদের।
বিশ্বকাপে ধোনিদের প্রথম ম্যাচটাই অ্যাডিলেডে, চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানের বিপক্ষে। আগুন ঝরানো ওই ম্যাচ নিয়ে ভারতীয়দের মধ্যে একটা চাপা উত্তেজনা কাজ করছে এখন থেকেই। ওই চাপ কমাতেই নাকি দিন কয়েকের জন্য খেলোয়াড়দের এ রকম নিজের মতো ছেড়ে দিয়েছে ভারতীয় টিম ম্যানেজমেন্ট। অবশ্য সবাই ধোনির মতো এ রকম অ্যাডভেঞ্চারে বেরিয়ে পড়েননি। স্টুয়ার্ট বিনি যেমন সিডনিতে গেছেন তাঁর বোনের সঙ্গে দেখা করতে। শিখর ধাওয়ান মেলবোর্নে বেড়াচ্ছেন স্ত্রী-সন্তানের সঙ্গে। পিটিআই।