ক্রিকেট ধ্বংস করছে বিসিসিআই!
মুডগাল কমিটির তদন্ত প্রতিবেদন প্রকাশের পর হয়তো কিছুটা স্বস্তি পেয়েছিলেন এন শ্রীনিবাসন। ভারতীয় সুপ্রিম কোর্টে আপিল করেছিলেন, যেহেতু আইপিএল কেলেঙ্কারির তদন্তে তাঁর বিরুদ্ধে কমিশন কিছু পায়নি, তাঁকে বিসিসিআই সভাপতি পদে ফের বসতে দেওয়া হোক। কিন্তু কাল সু্প্রিম কোর্টের শুনানির পর আবার অস্বস্তিতে পড়লেন শ্রীনিবাসন। সুপ্রিম কোর্টের দুই সদস্যের বেঞ্চ এই প্রশ্ন তুলেছেন, কীভাবে একই সঙ্গে শ্রীনিবাসন বোর্ডের সভাপতি এবং আইপিএল ফ্র্যাঞ্চাইজির মালিক হন? আদালত বলেন, ‘একই সঙ্গে বোর্ডের সভাপতি ও আইপিএল ফ্র্যাঞ্চাইজির মালিক হওয়ায় স্বার্থের সংঘাতের বিষয়টি উঠে আসছে, যার জবাব আপনাকে দিতে হবে। কারণ আপনার ফ্র্যাঞ্চাইজির কর্মকর্তার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ উঠেছে।’
ক্রিকেট নিয়ে ভারতীয়দের উন্মাদনার কথা উল্লেখ করে আদালত বলেন, ‘বিসিসিআই খেলাটাকে ধ্বংস করছে’। বিচারপতি মুকুল মুডগালের রিপোর্ট বিশ্লেষণের পর আদালতের আরও মতামত, ‘বেনিফিট অব ডাউট যদি কারোর পক্ষে দিতে হয়, সেটা হলো ক্রিকেট। কোনো ব্যক্তিবিশেষকে কোনোভাবেই সেখানে ছাড় দেওয়া যাবে না৷’ এনডিটিভি স্পোর্টস।