ক্রিকেট-প্রতিভার খোঁজে গাজী
খেলাধুলার পৃষ্ঠপোষণায় শিল্প গ্রুপটি আছে আগে থেকেই। নিজেরা গড়েছে ক্রিকেট ক্লাবও। সেই গাজী গ্রুপ এবার নামছে ক্রিকেট-প্রতিভা অন্বেষণে। বিসিবির সহায়তায় আগামী ১ সেপ্টেম্বর থেকে একযোগে দেশের আট জেলায় শুরু হবে নতুন ক্রিকেটার খুঁজে বের করার কর্মসূচি ‘গাজী টায়ার্স ক্রিকেটার্স হান্ট’। চলবে ১০ অক্টোবর পর্যন্ত।
প্রতিভা অন্বেষণ কর্মসূচির পুরোধা জাতীয় দলের সাবেক সহকারী কোচ ও ঘরোয়া ক্রিকেটের সফল কোচ মোহাম্মদ সালাহউদ্দিন। বর্তমানে পালন করছেন গাজী গ্রুপ ক্রিকেটার্সের ডিরেক্টর অব কোচিংয়ের দায়িত্ব। কাল একটি হোটেলে কর্মসূচির উদ্বোধন ঘোষণার সংবাদ সম্মেলনে সালাউদ্দিন জানালেন তাঁর স্বপ্নের কথা, ‘আমরা এখন পরবর্তী প্রজন্মের সাকিব, তামিম, মাশরাফিদের দেখার অপেক্ষায় আছি।’ বিকেএসপির সাবেক এই কোচের সঙ্গে কর্মসূচিতে কাজ করবে ৮-৯ জনের একটি কোচিং প্যানেল।
প্রতিভা অন্বেষণ কর্মসূচিতে যোগ দেওয়ার বয়স কমপক্ষে ১৫ বছর। কখনো ঢাকা লিগে খেলেনি শুধু এমন ক্রিকেটাররাই প্রতিযোগিতায় বিবেচিত হবেন। সারা দেশ থেকে এ রকম ৬০-৮০ জন সম্ভাবনাময় ক্রিকেটার বাছাই করার লক্ষ্য গাজী টায়ার্সের। বিকেএসপিতে তাদের আবাসিক প্রশিক্ষণ দেবেন জাতীয় দলের সাবেক কোচ ও ক্রিকেটাররা। ক্যাম্পের সেরা ২০-২৫ ক্রিকেটারকে চার বছরের চুক্তির আওতায় এনে দেওয়া হবে আরও প্রশিক্ষণ। ক্রিকেট সরঞ্জাম উপহার দেওয়ার পাশাপাশি এক বছরের জন্য তাদের প্রদান করা হবে গোলাম দস্তগীর গাজী ক্রিকেট বৃত্তি। প্রতিভা অন্বেষণ হবে ব্যাটসম্যান, পেস বোলার, স্পিন বোলার ও উইকেটকিপার—এই চার শ্রেণিতে।
কর্মসূচি ঘোষণার অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গাজী গ্রুপের উপব্যবস্থাপনা পরিচালক গাজী গোলাম আসরিয়া, বিসিবির সহসভাপতি মাহবুবুল আনাম, কোচ মোহাম্মদ সালাউদ্দিন, গাজী গ্রুপের নির্বাহী পরিচালক এম সালাউদ্দিন চৌধুরী, জিটিভির ব্যবস্থাপনা পরিচালক আমান আশরাফ ফয়েজ, বিসিবির ক্রিকেট পরিচালনা প্রধান আকরাম খান, গেম ডেভেলপমেন্ট প্রধান খালেদ মাহমুদ, প্রধান নির্বাহী কর্মকর্তা নিজাম উদ্দিন চৌধুরীসহ আরও অনেকে।