ক্রিকেট প্রশাসন কোন পথে, প্রশ্ন সাবেরের

হোটেল সোনারগাঁওয়ের লবিতে বসে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের একঝাঁক কর্মকর্তা। আগামীকাল সেখানেই বোর্ডের বার্ষিক সাধারণ সভা এবং বিশেষ সভা নিয়ে যত তোড়জোড় তাঁদের। আইনি মারপ্যাঁচের মধ্যেও এই সভা আয়োজনে কোনো বাধা নেই বলে কদিন আগে রুল দিয়েছেন হাইকোর্ট। বোর্ড কর্মকর্তারা বার্ষিক ও বিশেষ সভা নিয়ে ব্যস্ত। তারই মধ্যে আজ বিকেলে ওই হোটেলেই বিসিবির বর্তমান পরিচালনা পর্ষদের সমালোচনা করে সংবাদ ব্রিফিং করলেন বিসিবির সাবেক সভাপতি সাবের হোসেন চৌধুরী। বার্ষিক সাধারণ সভার বৈধতা নেই দাবি করে তিনি ওই সভা বয়কটেরও ঘোষণা দেন।
‘ক্রিকেট প্রশাসন কোন পথে?’ এই শিরোনামে আজ ওই প্রেস ব্রিফিংয়ে সাবের হোসেন চৌধুরী নানা বিষয়ে কথা বলেন। বেশির ভাগই ছিল বিসিবির গঠনতন্ত্র নিয়ে। সাবের হোসেন বলেন, ‘যে গঠনতন্ত্রকে হাইকোর্ট ও সুপ্রিম কোর্ট বলছেন এটার কোনো বৈধতা নেই, সেই গঠনতন্ত্রের অধীনে যদি কোনো প্রক্রিয়া হয়, তাহলে সেটার বৈধতা নিয়ে প্রশ্ন থাকতেই পারে। আমার কাছে মনে হয়েছে, আমি আর কাউন্সিলর হওয়ার যোগ্য নই। আমি বোর্ডকে চিঠি দিয়ে বলেছি, আমার নামটা সরিয়ে নিতে চাই। গঠনতন্ত্র অবৈধ হলে সেটির অধীনে হওয়া কাজগুলোর বৈধতা থাকে না।’
বোর্ডের কাছে প্রশ্ন রেখে সাবের বলেন, ‘বর্তমান বোর্ড কি মনে করে হাইকোর্ট ও সুপ্রিম কোর্টের রায়ের আলোকে বর্তমানে ওনারা যে গঠনতন্ত্র নিয়ে কাজ করছেন, সেটা বৈধ? এখানে একটি পরিষ্কার জবাব থাকতে হবে, হ্যাঁ এই গঠনতন্ত্র বৈধ এবং আমরা এটা নিয়ে কাজ করছি। কিন্তু আমি মনে করি, আদালতের রায় বলে এটা বৈধ নয়।’ এর সঙ্গে সম্পৃক্ত হওয়া মানে আদালত অবমাননা হতে পারে মনে করেন সাবের হোসেন।
বিসিবির সাবেক সভাপতি তুলে আনেন হাইকোর্টের রায়ের কথা। বলেন, বোর্ড পরিচালনায় সরকারি কোনো প্রভাব থাকবে না বলেছেন আদালত। কিন্তু জাতীয় ক্রীড়া পরিষদ ও বোর্ড এর বিরুদ্ধে আপিল করল। এই বোর্ডের অবস্থান হলো, ক্রিকেট বোর্ড স্বাধীনভাবে চলবে না এবং সেখানে এনএসসিরও বক্তব্য থাকবে। এটাই হচ্ছে মৌলিক বিষয়। ‘ওনারা কী চান? প্রভাবযুক্ত না প্রভাবমুক্ত ক্রিকেট প্রশাসন? ক্রিকেট বোর্ড কীভাবে চলবে? ২০০০ সালেই এজিএম করে আমরা বলেছি, প্রভাবমুক্ত হয়েই চলবে।’ ফিফার উদাহরণও টানেন তিনি।
বিভিন্ন সময়ে বিভিন্ন বিষয়ে বর্তমান ক্রিকেট বোর্ডের সভাপতিকে চিঠি লেখার কথা বলেন সাবের। কিন্তু কোনো উত্তর না পাওয়ায় হতাশা ব্যক্ত করেন। এরই মধ্য সর্বশেষ চিঠি একটি সংবাদপত্রে চলে যাওয়া নিয়ে ক্ষোভও জানান। একান্তই ব্যক্তিগত এসব চিঠির গোপনীয়তা থাকা উচিত বলেন সাবের।

ভারত, ইংল্যান্ড, অস্ট্রেলিয়া যখন বিশ্ব ক্রিকেট নিয়ন্ত্রণের করার ব্যবস্থা করল, তখন সাবের চৌধুরী বিসিবি সভাপতিকে চিঠি লিখে এর বিরোধিতা করেন। সম্প্রতি একজন বোলার দ্বিতীয় বিভাগ ক্রিকেটে প্রতিবাদ হিসেবে চার বলে ৯২ রান দিল, তখন একজন অবসরপ্রাপ্ত বিচারককে নিয়ে কমিশন করার জন্য বিসিবি সভাপতিকে প্রস্তাব দিয়েছিলেন বলে জানান সাবের। ক্রিকেট বোর্ডের বার্ষিক সাধারণ সভা হচ্ছে না। বার্ষিক সাধারণ সভা মানে তিন-চার বছর পর করা নয়। এটাও নাকি মনে করিয়ে দেন। অনেক ক্লাবের কাউন্সিলর কিনে নেওয়া হয়েছে, সেটিও বোর্ড সভাপতির নজরে আনতে চিঠি দেন বলে জানান সাবের।
ক্রিকেট বোর্ড যেহেতু সরকার থেকে আর্থিক সহায়তা নিচ্ছে না, তাই ক্রিকেট বোর্ডে সরকারি হস্তক্ষেপ থাকা উচিত নয় মনে করেন বিসিবির এই সাবেক সভাপতি। এখানে ক্রিকেট বোর্ডের অবস্থান কী? তারা কি চায় সরকারি হস্তক্ষেপ থাকবে? নাকি স্বাধীনভাবে চলবে? প্রশ্ন রাখেন তিনি। বলেন, ‘আমি একজন সংসদ সংসদ। আইনের প্রতি আমার শ্রদ্ধা প্রদর্শন বেশি হওয়া উচিত।’
কেউ যদি বিষয়গুলো স্পষ্টভাবে না বোঝেন, তার জন্য কাদা ছোড়াছুড়ি বা ব্যক্তিগতভাবে আক্রমণ না করে সবচেয়ে ভালো হয়, সংবাদমাধ্যমের উপস্থিতিতে ক্রিকেট বোর্ডের যে কারও সঙ্গে চান সাবের। তিনি বলেন, ‘ক্রিকেট অনেক এগিয়েছে, আরও এগিয়ে যাক, এটাই আমি চাই।’ ঢাকার কিছু ক্লাবকে দুটি করে কাউন্সিলরশিপ দেওয়ার সমালোচনা করেন। সঙ্গে যোগ করেন, জেলা কাউন্সিলর মনোনয়ন দিচ্ছে সংশ্লিষ্ট জেলা প্রশাসক। জেলা প্রশাসক হলেন সরকারি লোক। এভাবে বোর্ড স্বাধীনভাবে চলতে পারে না বলেও অভিমত তাঁর।
আদালত বলেছেন, বিসিবির এজিএম ও ইজিএম করতে বাধা নেই। এটা মনে করিয়ে দিলে সাবের চৌধুরী বলেন, ‘এটা তো আমিও চাইছিলাম।’ তবে কারা এখন বোর্ড চালাচ্ছে, সেটা দেখার কথা বলেন তিনি। তাদের আইনগত ভিত্তি নেই বলেন সাবের। এমনও বলেন, সংসদ সদস্য বিসিবির সভাপতি হতে পারবেন না, এমন আইন করলেও ক্রিকেটের স্বার্থে সেটাকে স্বাগত জানাবেন।
সাবের চৌধুরী কথা বলার পরপরই হোটেল লবিতে বোর্ডের সহসভাপতি মাহবুব আনাম সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন। সাবের চৌধুরীর কথার সূত্র ধরে সাংবাদিকদের ভিড়ে মাহবুব আনাম বলেন, ‘আদালত যে সিদ্ধান্ত দিয়েছেন, সেটা যুগান্তকারী। সে অনুযায়ীই কার্যক্রম চলবে। আদালত রায়ে বলেছেন, বর্তমান বোর্ড যেভাবে পরিচালিত হচ্ছে, সেভাবেই হচ্ছে। রায় পুরোটা না পড়ে বিভ্রান্ত হওয়া যাবে না। বোর্ডকে প্রভামুক্ত হতে যা করা দরকার, সেই পরিবর্তন আমরা ইজিএমে আনব।’