ক্রিকেট বদলে ফেলার সভা শুরু আজ
এ রকম সভা নিয়ম মেনে নিয়মিতই করে আইসিসি। সেসব সভা থেকে টুকটাক অনেক পরিবর্তনই আসে ক্রিকেটে। তবে স্কটল্যান্ডের এডিনবরায় আজ শুরু আইসিসি বার্ষিক সভাটা অন্য রকম। সপ্তাহব্যাপী এ সভায় যে প্রস্তাবগুলো উঠতে যাচ্ছে, তা অনুমোদন পেলে যে ক্রিকেটের চেহারাই বদলে যাবে! দ্বিপাক্ষিক সিরিজভিত্তিক ক্রিকেটের বদলে খেলাটা হয়ে যাবে লিগভিত্তিক। সবচেয়ে বড় কথা, ক্রিকেটে চালু হবে দ্বিস্তরবিশিষ্ট কাঠামো। দুটি স্তরে ভাগ হয়ে টেস্ট খেলবে ১২টি দেশ, ওয়ানডে ১৩টি। থাকবে উত্তরণ ও অবনমনব্যবস্থা।
এসব পরিবর্তন সামগ্রিকভাবে ক্রিকেটের জন্য ভালো হবে না খারাপ, তা নিয়ে জোর বিতর্কও চলছে ক্রিকেট-বিশ্বে। বিশেষ করে, টেস্ট ও ওয়ানডে র্যা ঙ্কিংয়ে নিচের দিকে থাকা দলগুলো যে বড় দলগুলোর সঙ্গে খেলার সুযোগ হারাবে, তাতে কোনো সন্দেহই নেই। তারা ক্ষতিগ্রস্ত হতে পারে আর্থিকভাবেও। মূলত এটি ক্রিকেট-বিশ্বের তিন মোড়লের প্রস্তাব হলেও এটিকেই এখন আইসিসি নিজেদের রূপরেখা হিসেবে আত্মস্থ করে নিয়েছে। এ ভাবনার অন্যতম রূপকার আইসিসির প্রধান নির্বাহী ডেভ রিচার্ডসনও মনে করছেন, এতে করে ক্রিকেটের কম জনপ্রিয় সংস্করণগুলোর জনপ্রিয়তা বাড়বে।
টি-টোয়েন্টি ক্রিকেট আসার পর টেস্ট ক্রিকেটের জনপ্রিয়তা রীতিমতো হুমকির মধ্যে পড়ে গেছে। আইসিসি মনে করছে, দ্বিস্তরের এই লিগ পদ্ধতির ক্রিকেট চালু করলে সবগুলো সিরিজেই প্রতিটি দলের স্বার্থ জড়িয়ে থাকবে। এতে সবাই আগ্রহী হবে। প্রস্তাবের ইতিবাচক দিক তুলে ধরতে গিয়ে তাই রিচার্ডসন বলেছেন, ‘আমরা ক্রিকেটের তিনটি সংস্করণেই আরও প্রতিদ্বন্দ্বিতা আনতে চাইছি। আমরা চাই, এখন যত খেলা হচ্ছে তার চেয়ে একটু কম খেলতে, কিন্তু সেই খেলাটা যাতে হয় সত্যিকারের প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ খেলা।’
এ ছাড়া টেস্ট ও ওয়ানডেতে লিগ পদ্ধতির পাশাপাশি টি-টোয়েন্টি বিশ্বকাপকেও দ্বিবার্ষিক টুর্নামেন্ট হিসেবে নিয়মিত করতে চায় আইসিসি। সর্বশেষ কয়েকটি টি-টোয়েন্টি বিশ্বকাপ দুই বছর পর পর হলেও আগামী টি-টোয়েন্টি বিশ্বকাপ হওয়ার কথা চার বছর পর, ২০২০ সালে।
ইএসপিএন-ক্রিকইনফোর এক প্রতিবেদনে সম্প্রতি দাবি করা হয়েছে, এ প্রস্তাবগুলো পাস হলে বছরে আইসিসির আয় আনুমানিক ৪০০ থেকে ৫০০ মিলিয়ন ডলার পর্যন্ত বাড়বে। তবে আইসিসি সব সময় যে ক্রিকেটের বিশ্বায়নের কথা বলে, এ প্রস্তাবগুলো পাস হলে সেটি কতটুকু সম্ভব, সেই প্রশ্নটা থেকেই যাচ্ছে। এএফপি, রয়টার্স।
প্রস্তাবে যা আছে
সপ্তাহব্যাপী বার্ষিক সভায় আইসিসি ক্রিকেট-কাঠামো পরিবর্তনের কী কী প্রস্তাব করেছে, আর সেগুলোর অনুমোদন হয়ে গেলে কীভাবে বদলে যেতে পারে আন্তর্জাতিক ক্রিকেট, দেখে নেওয়া যাক এক নজরে
* টেস্ট ক্রিকেটকে দুটি স্তরে ভাগ করা হবে। প্রথম স্তরে থাকবে বর্তমান র্যা ঙ্কিংয়ের শীর্ষ সাতটি দল। দ্বিতীয় স্তরে দল থাকবে পাঁচটি। বর্তমান টেস্ট খেলুড়ে ১০টি দেশের বাইরে আরও দুটি দল সুযোগ পাবে টেস্ট খেলার।
* লিগ পদ্ধতিতে দুটি স্তরের দলগুলো নিজ নিজ স্তরের প্রতিপক্ষের সঙ্গে হোম অ্যান্ড অ্যাওয়ে ভিত্তিতে খেলবে। সেই সিরিজের ফল ও পয়েন্টের মাধ্যমে নির্ধারিত হবে র্যা ঙ্কিংয়ে দলগুলোর অবস্থান। দুই বছরের চক্রে একটি লিগ শেষ হবে।
* দুটি স্তরেই থাকবে উত্তরণ ও অবনমন। দুই বছর শেষ হওয়ার পর সবগুলো দেশ যখন হোম অ্যান্ড অ্যাওয়ে ভিত্তিতে সবার সঙ্গে খেলে ফেলবে; এর ভিত্তিতে শীর্ষে থাকা দলটি হবে চ্যাম্পিয়ন। র্যা ঙ্কিংয়ের সব শেষের দলটির নেমে যাবে দ্বিতীয় স্তরে। দ্বিতীয় স্তরের শীর্ষে থাকা দলটি উঠে আসবে প্রথম স্তরে। দুই বছর পরপর এই উত্তরণ ও অবনমন চলবে।
* দ্বিপাক্ষিক ক্রিকেট কিন্তু একেবারেই বাদ যাবে না। এই লিগ চলার মধ্যেই দলগুলো পারস্পরিক আলোচনার ভিত্তিতে বাড়তি সিরিজ ও ম্যাচ খেলতে পারবে। তাই অ্যাশেজের মতো ঐতিহ্যবাহী সিরিজগুলো থাকছেই। এমনকি ইংল্যান্ড-অস্ট্রেলিয়া যদি ভিন্ন দুটি স্তরেও থাকে, তবুও তারা নিজ আয়োজনে অ্যাশেজ খেলতে পারবে।
* দুই স্তরের টেস্ট চালু হয়ে গেলে তাই বাংলাদেশের বড় দলগুলোর বিপক্ষে টেস্ট খেলার সম্ভাবনা কমে যাবে। তবে একেবারেই শীর্ষ দলগুলোর সঙ্গে টেস্ট যে খেলতে পারবে না, তা কিন্তু নয়। তবে তা নির্ধারিত হবে অন্য দেশের বোর্ডগুলোর সঙ্গে বিসিবির আলোচনার ভিত্তিতে। এ কারণে ক্রিকেট কূটনীতি আরও বেশি গুরুত্বপূর্ণ হয়ে উঠবে সামনের দিনগুলোতে।
* ওয়ানডে ক্রিকেটেও থাকবে দ্বিস্তর। তবে সেখানে ১২টির পরিবর্তে দল থাকতে পারে ১৩টি। এই ওয়ানডে লিগের মাধ্যমেই নির্ধারিত হবে বিশ্বকাপে খেলবে কোন দলগুলো। ওয়ানডে লিগটি তাই হয়ে যাবে বিশ্বকাপের বাছাইপর্বও।
* বিশ্বকাপের মতো বড় টুর্নামেন্টগুলো থাকলেও চ্যাম্পিয়নস ট্রফি বাদ পড়ছে। আগামী বছর ইংল্যান্ডে অনুষ্ঠেয় আসরটিই হতে পারে চ্যাম্পিয়নস ট্রফির শেষ। চার বছর পরপর টি-টোয়েন্টি বিশ্বকাপ আয়োজনের যে সিদ্ধান্ত নেওয়া হয়েছিল, সেখান থেকে সরে এসে আইসিসি দুই বছর পরপর এই বিশ্বকাপের আয়োজন করতে চাইছে। চ্যাম্পিয়নস ট্রফির ওপর কোপ পড়ছে এ কারণেই।