ক্রিকেট বলে লালা মাখানোর দিন কি তবে শেষ?

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জেসন গিলেস্পি। ছবি : এএফপি
জেসন গিলেস্পি। ছবি : এএফপি

মুখের লালা মাখিয়ে ক্রিকেট বলের এক পাশ চকচকে রাখার কৌশল আজকের না। সুইং পেতে পেসারদের রন্ধ্রে রন্ধ্রে ঢুকে গেছে এ অভ্যাস। গ্রিপ করতে লালা মাখিয়ে থাকেন স্পিনাররাও। মোট কথা, একজন বোলার মুখের লালা ব্যবহার করবেন না, তা ভাবা যায় না। কিন্তু এখন থেকে সম্ভবত ভাবতে হবে। জেসন গিলেস্পি অন্তত সেরকমই মনে করছেন।

করোনাভাইরাস সংক্রমণ এ নিয়ে ভাবিয়ে ‍তুলেছে ২০০৩ বিশ্বকাপজয়ী অস্ট্রেলিয়ার এ পেসারকে। মুখের লালা ও কাশির সঙ্গে যে সুক্ষ্ম জলকণা বেরিয়ে আসে সেই 'ড্রপলেট' থেকে ছড়ায় ভাইরাসের সংক্রমণ। সামনে ক্রিকেটারদের স্বাস্থ্যের নিরাপত্তার কথা ভেবেই বোলারদের এ অভ্যাসে লাগাম টানা হতে পারে বলে মনে করেন অস্ট্রেলিয়ার সাবেক এ পেসার।

আরও একটি বিষয় জড়িত এর সঙ্গে। ২০১৮ কেপটাউন টেস্ট বল-বিকৃত করতে শিরিস কাগজ দিয়ে বল ঘষার অপরাধে নিষিদ্ধ হয়েছিলেন ক্যামেরন ব্যানক্রফট, স্টিভ স্মিথ ও ডেভিড ওয়ার্নার। মূলত প্রতিটি ডেলিভারি শেষে বল যত্নের মোড়কে এ অপরাধটা করা হয়ে থাকে। দেখা যায় লালা মাখানোর ফাঁকে কিছু একটা দিয়ে বল ঘষে এক পাশ অমসৃণ করা হয়। এ সব মিলিয়েই গিলেস্পি মনে করেন, করোনা-কাল শেষে ক্রিকেট শুরু হলে তখন বলে লালা মাখানোর অভ্যাসে হস্তক্ষেপ করতে পারে আইসিসি।

অস্ট্রেলিয়ার হয়ে ৭১ টেস্টে ২৫৯ উইকেট নেওয়া গিলেস্পি এবিসি গ্র্যান্ডস্ট্যান্ডকে বলেন, ‘এটা অপ্রাসঙ্গিক প্রশ্ন না। এটা সত্যি সত্যিই ভাবার বিষয়। এমন হতে পারে প্রতি ওভার শেষে বল যত্ন করার সুযোগ পাবেন খেলোয়াড়েরা, আর সেটি করতে হবে আম্পায়ারের সামনে। শুধু তখনই এ সুযোগ পাওয়া যাবে। শুধু ঘাম ব্যবহার করা যাবে? আমি জানি না। তবে এ নিয়ে কথা উঠবে বলেই মনে করি।’

বলে লালা মাখানো নিয়ে এর আগে সংশয় প্রকাশ করেছেন ভারতের পেসার ভুবনেশ্বর কুমারও। করোনা থেকে সতর্ক থাকতেই বলে মুখের লালা মাখানোয় বিরতি দেওয়ার কথা বলেছিলেন এই ভারতীয় পেসার।