ক্রিকেট মাঠে এ কেমন আচরণ!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গতকাল মুখোমুখি ইশান্ত ও ধাম্মিকা। ছবি: এএফপি
গতকাল মুখোমুখি ইশান্ত ও ধাম্মিকা। ছবি: এএফপি

ম্যাচ শেষ। ভারতীয়রা তাদের মতো করে আনন্দ করছে। ছয়টি স্টাম্প নিয়ে ১১ জনের কাড়াকাড়ি। সবাই যে স্মারক রেখে দিতে চায়। উদযাপন এক সময় ফুরোল। সাজঘরে ফেরার পালা। বিরাট কোহলির নেতৃত্বে গর্বিত ভঙ্গিতে ফিরছে ভারতীয় দল। কিন্তু ছবিটার মধ্যে কী যেন একটা নেই!
একটু বাদেই পরিষ্কার হলো, ক্রিকেটীয় ভদ্রতার কেতা মেনে ভারতীয়দের অভিবাদন জানাতে মাঠে নেমে আসেনি শ্রীলঙ্কা দল। যেকোনো ম্যাচ শেষে দুই দলের খেলোয়াড়েরা সারি বেঁধে একে অন্যের সঙ্গে করমর্দন করে। জেন্টেলম্যান গেমের এটাই অলিখিত রীতি। কিন্তু এই টেস্ট ক্রিকেটীয় ভদ্রতার সীমা লঙ্ঘন করে অনেকবারই কদর্য চেহারায় হাজির হয়েছে। শ্রীলঙ্কার খেলোয়াড়দেরও দায় আছে। কিন্তু সীমা ছাড়িয়ে যাওয়ায় কোহলির ভারতই যেন এগিয়ে ছিল এক ধাপ।
কোহলি এই দলের শরীরী ভাষা বদলে দেবে—বেশ গর্ব নিয়ে বলেছিলেন অনেকে। সেই বদলে যাওয়া শরীরী ভাষায় ২২ বছরের বন্ধ্যাত্ব কাটিয়ে শ্রীলঙ্কায় জিতেছে টেস্ট সিরিজও। সবাই বাহবা দিচ্ছে। হাততালি আর পিঠ চাপড়ানি। কিন্তু এরই মধ্যে ক্ষীণ কণ্ঠে হলেও কেউ কেউ বলতে শুরু করেছেন, আক্রমণাত্মক মেজাজ মানে প্রতিপক্ষকে এভাবে অপমান করা কিন্তু নয়।
ইশান্ত শর্মা আগে থেকেই মেজাজ হারিয়ে বসেছিলেন এই সিরিজে। খুটখাট লেগে যাচ্ছিল তাঁর সঙ্গে। গতকাল ভারতীয় ইনিংসের শেষ প্রান্তে তো বিস্ফোরণই ঘটে গেল। ধাম্মিকা প্রসাদ আর ইশান্তের মধ্যে যে হাতাহাতি হয়নি, এটাই বরং বিস্ময়কর। ধামিক্কার বাউন্সারের পাল্টা জবাবে নন স্ট্রাইকিং প্রান্তে দৌড়ে আসার সময় ইশান্ত এমনভাবে নিজের হেলমেটে চাপড় মারছিলেন, এ যেন আমন্ত্রণ, ‘পারিস যদি মাথায় মার!’
এর খানিক পরেই ধাম্মিকা অশ্বিনকে আউট করেন। ভারতও অলআউট হয়ে যায়। কিছুক্ষণের মধ্যেই বোলিং করতে হবে বলে ইশান্ত ছুটে মাঠ থেকে বেরোতে থাকেন। টিভি ক্যামেরায় ধরা পড়ে, ইশান্তের পেছনে ছুটছেন ধাম্মিকাও! যেন কিছু একটা হেস্তনেস্ত হয়েই যাবে আজ! ধাম্মিকা ঠিক কী কারণে ইশান্তের পেছনে খ্যাপার মতো ছুটেছেন, তা অজানাই থেকে গেছে। তবে এটা জানা গেছে, শ্রীলঙ্কার সাপোর্ট স্টাফরা নিরস্ত করেছেন ধাম্মিকাকে। 
আগের দিনও রঙ্গনা হেরাথের সঙ্গে লেগে গিয়েছিল ইশান্তের। গতকালকের ওই ঘটনার পর ইশান্ত আবারও আগুন জ্বালিয়েছেন দিনেশ চান্ডিমালকে আউট করার পর ড্রেসিংরুমের দিকে আঙুল ​নির্দেশ করে। ​যে অপরাধে এরই মধ্যে ৬৫ শতাংশ জরিমানা গুনেছেন ইশান্ত। 
কালকের উত্তাপ ছিল আজও। কুশল পেরারা দারুণ এক ইনিংস খেলে শ্রীলঙ্কাকে লড়াইয়ে ফিরে আনছিলেন। কিন্তু হুট করে রিভার্স সুইপের মতো হঠকারী শটে আউট হলেন। তাঁর ক্যাচ লুফে নেওয়ার পর রোহিত শর্মার উদযাপনেও ছিল কদর্য ভঙ্গি। 
আম্পায়ারদের বারবার এ ম্যাচে হস্তক্ষেপ করতে হয়েছে। দুই অধিনায়ককে ডেকে অনেক সময় কথাও বলেছেন। কিন্তু সীমা ছাড়ানোর ঘটনাগুলো থামানো যায়নি। চতুর্থ টেস্টে আচরণবিধি ভাঙার অভিযোগে অভিযুক্ত হয়েছেন ইশান্ত, চান্ডিমাল, প্রসাদ ও লাহিরু থিরিমান্নে। সুনীল গাভাস্কার জানিয়ে দিয়েছেন, ক্রিকেট মাঠে এ ধরনের ঘটনা দেখে তিনি মানসিকভাবে যেন রক্তাক্ত।
আক্রমণাত্মক ক্রিকেট সবাই দেখতে চান। কিন্তু কেউ চান না লড়াইটা এমন হোক, টিভি ক্যামেরায় ধরা পড়ে মাঠের বিজ্ঞাপনের বিলবোর্ডে শিং উঁচিয়ে পরস্পরের দিকে তেড়ে যাওয়া দুই খ্যাপা ষাঁড়ের ছবি!