ক্রিকেট মাঠে শিং বাগিয়ে ঢুকে পড়ল গরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
এই সেই ক্রিকেটে ক্ষিপ্ত গরু! ছবি ভিডিও থেকে নেওয়া
এই সেই ক্রিকেটে ক্ষিপ্ত গরু! ছবি ভিডিও থেকে নেওয়া

ক্রিকেট মাঠে ‘কাউ কর্নার’ বলে একটা জায়গা আছে বটে। তাই বলে সত্যি সত্যিই সেই কাউ কর্নার দিয়ে ঢুকে পড়বে জলজ্যান্ত একটা গরু! শুধু ঢোকা? তার সবুজ মাঠে একপাল সাদা পোশাক পরা দোপেয়ে মানুষ কী সব ছেলেমানুষি খেলা খেলছে দেখে মেজাজও ধরে রাখতে পারেনি সেই গরু। রীতিমতো শিং বাগিয়ে ঢুকেছে। তাড়া করেছে খেলোয়াড়কে। একটুর জন্য ঢুস মারেনি আম্পায়ারকে। এরপর বেরিয়ে গেছে। ইংল্যান্ডে সম্প্রতি এমনই এক ঘটনা ঘটেছে। 

ভিলেজ ক্রিকেটের নিসর্গে এক খ্যাপা গরু ঢুকে খেলাটাকে এলোমেলো করে দিয়েছিল কিছুক্ষণের জন্য। সেটির ভিডিও কেউ একজন ক্যামেরাবন্দী করেছেন। সেটাই ছড়িয়ে পড়েছে বেশ।
চেশেয়ার ক্রিকেট লিগে খেলা চলছিল কেরিজ আর মোসি ক্রিকেট ক্লাবের মধ্যে। চমৎকার সবুজে ঢাকা পরিবেশ। ইংলিশ গ্রামগুলো যেমন হয়। সাদা পোশাকে চলছে কেতাদুরস্ত ক্রিকেট। হঠাৎ লাল রঙের একটি গরুকে দেখা যায় বাউন্ডারি দিয়ে ঢুকে পড়তে। উইকেটে বাঁ হাতি ব্যাটসম্যান থাকলে যে ফিল্ডিং পজিশনটাকে কাউ কর্নার বলাই যেত!
খেলোয়াড়েরা প্রথমে ব্যাপারটি নিয়ে খুব বেশ ভাবেননি। তবে হঠাৎই গরুটি ছুটে এসে শিং দিয়ে ঢুস মারতে চাইল মিড অনের এক ফিল্ডারকে। সেই খেলোয়াড় তো দে ছুট। খ্যাপা গরুটা এবার ছুটে গেল স্কয়ার লেগ ফিল্ডারের দিকে। পুরো মাঠেই আতঙ্কের পরিবেশ। সবার দিগ্‌বিদিক ছোটাছুটি। এমন একটা পরিস্থিতিতেও আম্পায়ারকে দেখা গেল আশ্চর্য শান্ত থাকতে। তিনি এতটাই ছিলেন যে পকেট থেকে হাত দুটি বের করারও প্রয়োজনীয়তা বোধ করলেন না। গরুটা কিন্তু ছুটে গেল তাঁর দিকেও। অল্পের জন্য তিনিও রক্ষা পেলেন।
পরে আতঙ্ক ছড়িয়ে গরুটা বেরিয়ে যায় মাঠ থেকে। মাঠের বাইরের বিস্তীর্ণ সবুজ ঘাসে মুখ দেওয়াতেই দেয় মনোযোগ।
মোসলি ক্রিকেট ক্লাব ক্রিকেট মাঠের এ ঘটনাটির একটি ভিডিও ফুটেজ দিয়েছে নিজেদের টুইটারে। ক্লাবের ৫০ বছর পূর্তি উপলক্ষে আয়োজিত ম্যাচটি খ্যাপা গরুর আক্রমণাত্মক পারফরম্যান্সের কারণেই স্মরণীয় হয়ে রইল!