ক্রিকেট মাঠে হাতির ভয়!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
হামবানটোটা স্টেডিয়ামে যাওয়া-আসার পথে হাতির প্রতিবন্ধকতা খুব পরিচিত দৃশ্য। ছবি: এএফপি
হামবানটোটা স্টেডিয়ামে যাওয়া-আসার পথে হাতির প্রতিবন্ধকতা খুব পরিচিত দৃশ্য। ছবি: এএফপি

ঘন জঙ্গলের পাশে হামবানটোটা ক্রিকেট স্টেডিয়াম। জঙ্গলে আবার হাতির বাস। মাঝেমধ্যে সেখান থেকে বেরিয়ে স্টেডিয়ামে ঢুকে পড়ে বুনো হাতির দল। তছনছ করে বেষ্টনী, এমনকি মাঠ-পিচ! এখন এই বিশেষ ‘দর্শনার্থী’ ঠেকাতে নতুন এক পদক্ষেপ নিয়েছে শ্রীলঙ্কা ক্রিকেট (এসএলসি)।
হামবানটোটায় সর্বশেষ ওয়ানডে ম্যাচ হয়েছে দুই বছর আগে। জিম্বাবুয়ের বিপক্ষে চলতি ওয়ানডে সিরিজের শেষ তিনটি ম্যাচ হবে এই স্টেডিয়ামে। আগামী ৬, ৮ ও ১০ জুলাইয়ের ম্যাচ তিনটি হাতির উপদ্রব থেকে মুক্ত রাখতে ১০ জন বনরক্ষক (গেম ওয়ার্ডেন) নিয়োগ দিতে যাচ্ছে এসএলসি!
২০০৯ সালে ৩৫ হাজার দর্শক ধারণক্ষমতাসম্পন্ন স্টেডিয়ামটি তৈরি হয় তখনকার শ্রীলঙ্কার প্রেসিডেন্ট মাহিন্দা রাজাপক্ষের ইচ্ছায়। তাঁর জন্মস্থান হামবানটোটা। যদিও কলম্বো কিংবা ডাম্বুলার মতো এখানে খুব নিয়মিত আন্তর্জাতিক ক্রিকেট ম্যাচ হয় না। তবে ম্যাচ থাকলে জঙ্গলের ভেতরের পথ মাড়িয়ে, হাতির অভয়ারণ্যের পাশ দিয়ে যেতে হয় সবাইকে। অনেক সময় যাওয়ার পথে হাতির দল প্রতিবন্ধকতা তৈরি করে। এমনকি কখনো কখনো রাতের আঁধারেও তারা ঢুকে পড়ে স্টেডিয়ামের ভেতরে।
নাম না প্রকাশ করে এক কর্মকর্তা জানিয়েছেন, হাতি ঠেকাতে বনরক্ষক নিয়োগ দিচ্ছে এসএলসি, ‘বেষ্টনী ভেঙে রাতে হাতির মাঠে ঢুকে পড়ার ঘটনা আছে। স্টেডিয়াম থেকে এক শ মিটার দূরেই জঙ্গল। সমর্থকেরা যাতে এদিক-ওদিক না গিয়ে হাতিদের খেপিয়ে না তোলে, সেটি নিশ্চিত করতে আমরা ১০ বনরক্ষক নিয়োগ দিচ্ছি।’ সূত্র: এএফপি