ক্রিকেট যখন রাগবির বিপরীতে ...

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঠিক সাত মাস আগের ট্রান্স তাসমান দ্বৈরথটা অনেকেরই মনে থাকার কথা। অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ডের বিশ্বকাপ ক্রিকেটের ফাইনালটা তো ছাড়িয়ে গিয়েছিল খেলার সীমানা। তবে আজকের রাগবি বিশ্বকাপের ফাইনালের কাছে সেটিও ম্লান হয়ে পড়বে। অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ড ম্যাচ নিয়ে দুই দেশেই যে তুঙ্গস্পর্শী রোমাঞ্চ!

ক্রিকেটের চেয়ে রাগবি একটু অন্য রকম। ২২ গজে যেখানে অস্ট্রেলিয়াই ধারে-ভারে এগিয়ে, রাগবি মাঠে নিউজিল্যান্ডের কাছে আবার অস্ট্রেলিয়া ম্রিয়মাণ। নিউজিল্যান্ডকে অবশ্য রাগবিরই সর্বকালের সেরা দল বলে মানা হয়। ১৯০৫ সালের পর থেকে তাদের সাফল্যের হার ৭৫ শতাংশ, পেশাদার যুগে এসে সেটা বেড়ে দাঁড়িয়েছে ৮৫ শতাংশে। ফুটবলে পেলের ব্রাজিল বা ক্রিকেটে ওয়ার্ন-ম্যাকগ্রা যুগের অস্ট্রেলিয়ার মতো আরও অনেক দলের একটা সময়ে একচ্ছত্র আধিপত্য ছিল বটে, কিন্তু এত লম্বা সময়ের জন্য কেউই এভাবে ছড়ি ঘোরাতে পারেনি। অল ব্ল্যাকরা তাই ক্রীড়া ইতিহাসেরই সফল দলগুলোর একটি। নিজেদের দেশেও খেলাটি তুমুল জনপ্রিয়, রাগবি খেলোয়াড়েরা নিউজিল্যান্ডে মোটামুটি বীরের মর্যাদাই পান। আজ জিতলে সেই বীরপূজায় আরও অনেক অর্ঘ্যই নিবেদন হবে।

মজার ব্যাপার, রাগবি বিশ্বকাপে কিন্তু এমন সর্বগ্রাসী সাফল্য নেই। বিশ্বকাপের আটবারের আসরে নিউজিল্যান্ড জিতেছে দুবার, এমনিতে অনেক পিছিয়ে থাকা অস্ট্রেলিয়াও জিতেছে দুবার। দুবারের বেশি জেতেনি আর কোনো দলই, এই দুই দলের বাইরে দক্ষিণ আফ্রিকারই শুধু এই গৌরব আছে। আজকের জয়ী দল তাই ইতিহাসই গড়বে। অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ড এবারই প্রথম ফাইনালে মুখোমুখি। অথচ ২০০৭ বিশ্বকাপ ছাড়া বাকি সব আসরেই এ দুই দলের কেউ না কেউ ফাইনাল খেলেছে। এএফপি।