ক্রিকেটকে কলুষমুক্ত রাখার আহ্বান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজধানীর ধানমন্ডিতে টিআইবি কার্যালয়ে ‘বৈশ্বিক দুর্নীতি প্রতিবেদন: ক্রীড়া’ বিষয়ে আজ ম​ঙ্গলবার সংবাদ সম্মেলন হয়। এতে বক্তব্য রাখেন টিআইবির নির্বাহী পরিচালক ইফতেখারুজ্জামান। ছবি: সাহাদাত পারভেজ
রাজধানীর ধানমন্ডিতে টিআইবি কার্যালয়ে ‘বৈশ্বিক দুর্নীতি প্রতিবেদন: ক্রীড়া’ বিষয়ে আজ ম​ঙ্গলবার সংবাদ সম্মেলন হয়। এতে বক্তব্য রাখেন টিআইবির নির্বাহী পরিচালক ইফতেখারুজ্জামান। ছবি: সাহাদাত পারভেজ

২০০১ সাল থেকে বৈশ্বিক দুর্নীতি প্রতিবেদন প্রকাশ করে আসছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল (টিআই)। তারই ধারাবাহিকতায় এবারের বৈশ্বিক দুর্নীতি প্রতিবেদনের প্রতিপাদ্য হচ্ছে ক্রীড়া বা খেলাধুলা। টিআই-এর বাংলাদেশ শাখা ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশও (টিআইবি) এ উপলক্ষে আজ প্রথমবারের মতো বাংলাদেশের ক্রীড়াঙ্গনের ওপর একটি প্রতিবেদন প্রকাশ করেছে।
‘বাংলাদেশের ক্রিকেট: সুশাসনের চ্যালেঞ্জ এবং পাতানো খেলা’ শিরোনামে একটি প্রবন্ধও প্রকাশ করেছেন টিআইবির নির্বাহী পরিচালক ইফতেখারুজ্জামান। যেখানে বলা হয়েছে, আন্তর্জাতিক ক্রিকেটের মতো বাংলাদেশের ক্রিকেটেও ম্যাচ গড়াপেটার মতো অনিয়মের প্রভাব পড়ছে। অন্য দিকে ক্রিকেট অঙ্গনে রয়েছে বিভিন্ন ব্যবস্থাপনা ও সুশাসনের ঘাটতি। বোর্ড ও ক্লাব স্তরে রাজনৈতিক প্রভাবের কথাও এসেছে আলাদা করে।
বাংলাদেশের ক্রিকেটে পাতানো খেলা, স্পট ফিক্সিং এবং অন্যসব প্রতারণামূলক কর্মকাণ্ডের অভিযোগের ক্ষেত্রে যুগোপযোগী আইন প্রণয়নের প্রয়োজনীয়তা তুলে ধরা হয়েছে। বিপিএলে পাতানো খেলায় একটি দলের সংশ্লিষ্টতার বিষয়গুলো তুলে এনে বলা হয়েছে, খেলাটির এগিয়ে চলার পথে এসব বড় প্রতিবন্ধকতা সরানো জরুরি। বিসিবির দুর্নীতিবিরোধী ইউনিট (আকসু) আরও শক্তিশালী করতে দীর্ঘ মেয়াদে দুর্নীতি বিরোধী কৌশল প্রণয়নের কথাও বলা হয়েছে।

বাংলাদেশের জনপ্রিয়তম খেলা ক্রিকেটকে কলুষমুক্ত রাখতে সরকারসহ সব পক্ষের সক্রিয় ভূমিকা আশা করে সংস্থাটি। বিসিবির কাঠামোগত দুর্বলতা ও পরিচালনা ব্যবস্থা উন্নত করতে সংসদীয় স্থায়ী কমিটির তদারকিও চায় তারা। পাশাপাশি ক্রিকেটের জন্য একটি বিশেষায়িত স্বাধীন ন্যায়পাল ব্যবস্থা প্রবর্তনেরও আহ্বান জানানো হয়েছে।