ক্রিকেটকে কেন জিম্মি করছে রাজনীতি?

সন্ত্রস্ত হয়ে বসে আছেন বিসিসিআই সভাপতি শশাঙ্ক মনোহর। সামনে শাসানোর ভঙ্গিতে আঙুল উঁচিয়ে আছেন কয়েকজন। পেছন থেকে আরও কয়েকজন দিচ্ছেন প্রকম্পিত স্লোগান। ‘শাহরিয়ার, ফিরে যাও!’ ‘পাকিস্তানকে আমরা চাই না!’ যেন আগুনের হলকা বয়ে যাচ্ছে বিসিসিআই সভাপতির কক্ষে।
আজ সকালে মনোহরের কক্ষে এভাবেই ঢুকে পড়েছে শিবসেনা কর্মীরা। এই ডিসেম্বরেই ভারত-পাকিস্তানের সিরিজ একটা সম্ভাবনা রয়েছে। সেটি নিয়ে কথা বলতেই কাল ভারতে এসেছেন পাকিস্তান ক্রিকেট বোর্ড সভাপতি শাহরিয়ার খান ও প্রধান নির্বাহী নজম শেঠি। সকালে মুম্বাইয়ের বিসিসিআই কার্যালয়ে একটা বৈঠকও হওয়ার কথা ছিল। কিন্তু কট্টরপন্থী শিবসেনা কর্মীদের আক্রমণে সেই বৈঠক ভেস্তে গেছে। বৈঠক কবে হবে ঠিক নেই। আরও একবার রাজনীতি নামের দাবার বোর্ডের ঘুঁটি হলো ক্রিকেট।
খেলায় রাজনীতি আর রাজনীতির খেলা নিয়ে বিতর্ক অনেক পুরোনো। একটি জাতীয় দল বা খেলোয়াড় সেই দেশের পতাকা বহন করেন। পতাকা আর দেশ তো রাজনীতির অঙ্গই। কিন্তু স্বার্থসিদ্ধি আর ভোটের হিসাব কষার কলুষিত রাজনীতি কেন জিম্মি করবে খেলাকে? অভিযোগ উঠেছে, ভারতের স্থানীয় সরকার নির্বাচনকে কেন্দ্র করে উত্তপ্ত রাজনীতির ডামাডোলকে ব্যবহার করছে শিবসেনা। জাতীয়তাবাদের ধুয়া তুলে আবেগের মোড়কে ভোটার টানার এও এক কৌশল।
ক্রিকেট অবশ্য কখনো রাজনীতির বাইরে ছিল না। ২২ গজের পিচ নিয়ে মাঠের বাইরে কম তোলপাড় হয়নি। কিন্তু গত দুই দিনে ভারতে যা হলো, তাতে আরও একবার পরিষ্কার, রাজনীতির টানাপোড়েনে ক্রিকেটকে বলি দেওয়াটা একরকম নিয়মই হয়ে যাচ্ছে।
পরশুর ঘটনাটাই দেখুন। রাজকোটে ভারত-দক্ষিণ আফ্রিকার তৃতীয় ওয়ানডে শুরুর আগে হঠাৎ করেই অস্থিরতার বিষবাষ্প। কোটা সংরক্ষণ নিয়ে ক্ষমতাসীন বিজেপির সঙ্গে চাপান-উতোর সংখ্যালঘু প্যাটেল সম্প্রদায়ের। তরুণ নেতা হার্দিক প্যাটেল সরাসরি বললেন, দুই দলকে স্টেডিয়ামে ঢুকতেই দেওয়া হবে না। যেকোনো মূল্য ঠেকানো হবে এই ম্যাচ। শেষ পর্যন্ত ম্যাচটা হয়েছে। কর্তৃপক্ষকে অবশ্য রাজকোটে মুঠোফোনে-ইন্টারনেট বন্ধ করে দিতে হয়েছে। হার্দিক প্যাটেলকেও পরে আটক করেছে পুলিশ। সেই ঘটনা টাটকা থাকতেই আজ শিবসেনার এই চড়াও হওয়া।
শিবসেনার এমন কাণ্ড অবশ্য নতুন নয়। সেই ১৯৯৯ সালে ১২ বছর পর ভারত সফর ছিল পাকিস্তানের। কিন্তু ম্যাচের আগে দিল্লির ফিরোজ শাহ কোটলার পিচ ক্ষতবিক্ষত করে যায় শিবসেনা। তার আগে ১৯৯১ সালে মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামের পিচেও একই কাণ্ড করেছিল তারা। কিন্তু আজকের ‘কীর্তি’তে তারা অতীতের সবকিছুই ছাপিয়ে গেল।
আজ যা ঘটল, ক্রিকেট ইতিহাসে এমনটা ঘটেছে কি না সন্দেহ আছে। দুই দেশের বোর্ড নতুন সিরিজ নিয়ে আলোচনা করার প্রস্তুতি নিচ্ছে, এমন সময় একটা রাজনৈতিক অঙ্গ-সংগঠন রীতিমতো বোর্ডে ঢুকেই সভার আয়োজন পণ্ড করে দিল! তাতে ভারত-পাকিস্তান সিরিজের ভাগ্য আরও অনিশ্চিত হয়ে পড়েছে।
পিসিবি অনেক দিন থেকেই চেষ্টা করছিল সীমিত আকারে হলেও সিরিজটা করার। দুবাই-আবুধাবিতে একেবারে সংক্ষিপ্ত আকারে হলেও সিরিজটা করতে রাজি তারা। ভারতীয় বোর্ডেও নতুন নেতৃত্বে আসার পর মনোহরই উদ্যোগটা নিয়েছিলেন। তাঁর আমন্ত্রণে ভারতে এসেছিলেন শাহরিয়ার-শেঠি। কিন্তু আজকের ঘটনার পর প্রশ্ন উঠে গেল, আদৌ কি সিরিজ হবে? এই প্রশ্নও করা যায়, শিবসেনা এভাবে ‘জিতে’ গেলে ভবিষ্যতের জন্য এটি কি বাজে উদাহরণ হয়ে থাকবে না? এভাবেই যদি ক্রিকেটকে এত সহজে জিম্মি করা যায়, ভবিষ্যতে আরও অনেকে তো এই পথে উৎসাহিতও হবে।
এর মধ্যেই আইপিএলের চেয়ারম্যান রাজীব শুক্লা এই ঘটনার নিন্দা জানিয়েছেন। ১০ জন শিবসেনা কর্মীকেও আটক করা হয়েছে। কিন্তু এভাবে কত দিন ক্রিকেট কে ব্যবহার করা হবে রাজনীতির ঘুঁটি হিসেবে?