ক্রিকেটকে বাঁচাতে প্রতিবাদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিশ্ব ক্রিকেটে ‘তিন মোড়লের’ নিয়ন্ত্রণের বিরুদ্ধে অনেক কথা উঠেছে, প্রতিবাদ হয়েছে। গতকাল প্রতিবাদ হলো আরেকবার, ধরনটা একটু অভিনব। অ্যাশেজের পঞ্চম টেস্ট শুরুর আগে ওভাল স্টেডিয়ামের বাইরে ক্রিকেটের বর্তমান প্রশাসনিক কাঠামোর বিরুদ্ধে প্রতিবাদে জড়ো হয়েছিলেন শ খানেক মানুষ।
‘চেঞ্জ ক্রিকেট’ শিরোনামে এই প্রতিবাদ কর্মসূচির আয়োজক স্যাম কলিন্স ও জ্যারড কিম্বার। দুই ভদ্রলোক ক্রিকেটের অব্যবস্থাপনার বিরুদ্ধে প্রতিবাদে তৈরি করেছিলেন ডেথ অব আ জেন্টলম্যান নামের একটি প্রামাণ্যচিত্র। কালকের এই কর্মসূচিতে তাঁদের সঙ্গে যোগ দিয়েছেন ব্রিটেনের ক্ষমতাসীন কনজারভেটিভ পার্টির আইনপ্রণেতা ডেমিয়ান কলিন্সও।
বিশ্ব ক্রিকেটকে মৃত্যুর মুখে ঠেলে দেওয়ার দায়ে অভিযুক্ত তিন দেশ ইংল্যান্ড, অস্ট্রেলিয়া ও ভারতের বিরুদ্ধে প্রতিবাদ জানাতে এক মিনিট করে মোট তিন মিনিট নীরবতা পালন করা হয়েছে। সঙ্গে ট্রাম্পেটে বাজানো হয়েছে শোক প্রকাশের সামরিক করুণ সংগীত ‘দ্য লাস্ট পোস্ট’।
প্রামাণ্যচিত্রটিতে কলিন্সরা অভিযোগ তুলেছেন যে বর্তমান আইসিসিতে স্বচ্ছতা ও জবাবদিহির অভাব। আইসিসি চেয়ারম্যান এন শ্রীনিবাসন, ইসিবি সভাপতি জাইলস ক্লার্ক এবং ক্রিকেট অস্ট্রেলিয়ার সভাপতি ওয়ালি এডওয়ার্ডসের বিরুদ্ধে অভিযোগ, বৈশ্বিক খেলাটাকে নিজ দেশের স্বার্থে ব্যবহার করছেন এই তিনজন। আইসিসির বার্ষিক আয়ে তিন মোড়লের ভাগ ৫২ শতাংশ, যেখানে বাকি ৪৮ শতাংশ ভাগ করে নিচ্ছে অন্য ১০২টি সদস্যদেশ। এমনকি আয় বাড়াতে টেস্ট ক্রিকেটকে ধ্বংস করে ছোট সংস্করণের দিকে ঝুঁকছে আইসিসি। এই ক্ষতিকর প্রভাব থেকে ক্রিকেটকে বাঁচাতেই প্রতিবাদ কর্মসূচিটির আয়োজন। এএফপি।