ক্রিকেটহীন সময়টা ভুলে থাকতে চান মুমিনুল

বাংলাদেশ যখন ওয়ানডে, টি-টোয়েন্টি নিয়ে ব্যস্ত থাকে, মুমিনুল হক তখন থাকেন দলের বাইরে। শুধু টেস্ট এলেই ডাক পড়ে তাঁর। অনেক দিন ধরে ‘টেস্ট ব্যাটসম্যান’ তকমা নিয়ে এগোচ্ছেন তিনি। বাংলাদেশ যেহেতু টেস্ট খেলে কম, মুমিনুলের দলে ফেরার উপলক্ষও তৈরি হয় কম। কিন্তু এ সময়ে তিনি নিজেকে উদ্বুদ্ধ করেন কীভাবে?
এমন প্রশ্নের উত্তর দিতে গিয়ে বিষয়টি মনে না করিয়ে দিতেই অনুরোধ করলেন ২২ টেস্ট, ২৬ ওয়ানডে ও ৬ টি-টোয়েন্টি খেলা মুমিনুল, ‘শুরুতে বুঝতাম না। এখন একটু বুঝি। চেষ্টা করি এটা যেন মাথায় না ঢোকে। যদি কিছু মনে না করেন, বিষয়টি যদি মনে না করিয়ে দেন, আমার জন্য ভালো।’
যেহেতু আগস্টে অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্ট সিরিজ, নিশ্চয়ই দলের অপরিহার্য সদস্য হয়ে উঠবেন মুমিনুল। গত বেশ কিছু দিনে তাঁর সতীর্থরা অস্ট্রেলিয়ার বিপক্ষে ভালো খেলার কথাই বলছেন। কিন্তু বাঁহাতি টপ অর্ডার ব্যাটসম্যান ঘুরিয়ে নয়, খেললেন স্ট্রেট ড্রাইভ, ‘আমার লক্ষ্য ২-০ ব্যবধানে জেতা। সর্বশেষ টেস্টগুলো আমরা যেভাবে খেলেছি, দুই ম্যাচই জিততে পারি। ১-১ হলেও ভালো। কিন্তু আমাদের টেস্ট দল আগের চেয়ে ভালো।’
সিরিজ জেতার কথা বললেও মুমিনুল ইংল্যান্ডের চেয়ে অস্ট্রেলিয়াকে কঠিন প্রতিপক্ষ মানছেন। কেন হবে, সেটির একটি ব্যাখ্যা দিলেন তিনি, ‘ইংল্যান্ডের চেয়েও অস্ট্রেলিয়া কঠিন হবে মনে হয়। আমাদের এখানে আসার আগে ইংল্যান্ড ভারতে খেলেনি। কিন্তু অস্ট্রেলিয়া এরই মধ্যে ভারতে খেলেছে।’
২০১৪ সালের নভেম্বরে চট্টগ্রাম টেস্টে সর্বশেষ সেঞ্চুরি করেছিলেন মুমিনুল। গত আড়াই বছরে ১০ টেস্টে আর তিন অঙ্কের দেখা পাননি। পেয়েছেন চার ফিফটি। ফিফটির এই বৃত্ত থেকে বের হওয়ার চেষ্টা করছেন মুমিনুল, ‘টেস্টে ৫০-৬০-৭০ করলে সেটা দলের জন্য নিরাপদ নয়। আপনি যদি ১০০-২০০ করেন, সেটা দলের জন্য নিরাপদ। আমি লম্বা ইনিংস খেলার অনুশীলন করছি।’