ক্রিকেটার হওয়ার স্বপ্নে এমন বাধা!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দু-তিন মৌসুম আগেও এটা ছিল উঠতি ক্রিকেটারদের ওপরে ওঠার সিঁড়ি। প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ক্রিকেটে সামর্থ্যের জানান দেওয়ার প্রথম সুযোগ। কাগজে-কলমে সুযোগটা আছে এখনো। কিন্তু বিসিবির বর্ষপঞ্জিতে সেটির উপস্থিতি যেন শুধু নতুন ক্রিকেটারদের বিদ্রূপ করার জন্যই!
টক শো, সেমিনার, সংবাদ সম্মেলনে ক্রিকেট-বিস্তার নিয়ে চিৎকার-চেঁচামেচি করেন ক্রিকেট কর্মকর্তারা। বাস্তবে তাঁরাই সংকীর্ণ করে ফেলছেন নবীন ক্রিকেটারদের উঠে আসার পথ। নইলে তৃতীয় বিভাগ বাছাই ক্রিকেটের মতো তৃণমূলের একটি প্রতিযোগিতার এন্ট্রি ফি কেন এক লাফে এক লাখ থেকে পাঁচ লাখ টাকা হয়ে যাবে? টুর্নামেন্টের উদ্দেশ্য নতুন ক্রিকেটার তুলে আনা, নাকি বিসিবির কোষাগার ফুলিয়ে তোলা?
প্রতিবছর অন্তত ৩০-৪০টি একাডেমি দলের অংশগ্রহণে হাজার খানেক উঠতি ক্রিকেটার খেলতেন তৃতীয় বিভাগ বাছাইয়ে। শীর্ষ দুই দল তৃতীয় বিভাগে উঠলেও এই টুর্নামেন্টকে ঘিরে স্বপ্ন দেখতেন অন্তত হাজার দেড়েক ক্রিকেটার। বিসিবির বয়সভিত্তিক কর্মসূচির পাশাপাশি শিশু-কিশোরদের মধ্যে সর্বোচ্চ পর্যায়ে খেলার স্বপ্ন ছড়িয়ে পড়ত এখান থেকেও। কিন্তু গত মৌসুমে হঠাৎ করে টুর্নামেন্টের এন্ট্রি ফি পাঁচ লাখ টাকা হয়ে যাওয়ায় সেই পথ এখন অনেকটাই বন্ধ। ক্রিকেটারদের কাছ থেকে মাসিক ৫০০-১০০০ টাকা বেতন নিয়ে চলে একাডেমিগুলো। পাঁচ লাখ টাকা এন্ট্রি ফি দিয়ে দল চালানো তাদের পক্ষে কঠিন।
একাডেমিগুলো তাই এখন তৃতীয় বিভাগ বাছাইয়ে দল দেওয়ার চিন্তা বাদ দিচ্ছে। এবার দল দেবেন কি না, জানতে চাইলে ডিসকভারি ক্রিকেট একাডেমির কোচ শাহজাহান হোসেন ম্লান হেসে বললেন, ‘অসম্ভব। আমরা এখন আর স্বপ্নেও সেটা ভাবি না।’ ধানমন্ডি ক্রিকেট একাডেমির সাদিকুজ্জামান পিন্টুর কথা, ‘ছেলেদের কাছ থেকে মাসে ৮০০ টাকা বেতন নিই। এটা দু-তিন হাজার টাকা করা হলেও পাঁচ লাখ টাকা এন্ট্রি ফি দিয়ে দল দেওয়া সম্ভব নয়। এন্ট্রি ফির সঙ্গে কোচের বেতনসহ অন্যান্য খরচও তো আছে!’
মাশরাফি-সাকিব-তামিম হওয়ার স্বপ্ন নিয়ে একাডেমিগুলোতে আসা হাজার হাজার কিশোর ক্রিকেটারের গন্তব্য তাহলে কোথায়? ‘পাড়া-মহল্লায় ৫-১০ হাজার টাকা এন্ট্রি ফির বিভিন্ন টুর্নামেন্ট হয়। ছেলেদের আমরা এখন সেখানে খেলানোর চেষ্টা করি’—বলেছেন শাহজাহান। অনুশীলনে যারা একটু ভালো করে, ক্লাব কর্মকর্তাদের সঙ্গে ব্যক্তিগত পরিচয়ের সূত্র ধরে তাদের তৃতীয় ও দ্বিতীয় বিভাগের বিভিন্ন দলে খেলানোর সুপারিশ করে অনেক একাডেমি। বাকিদের ক্রিকেটার হওয়ার বাসনা রূপ নেয় হাহাকারে। তারকা হওয়ার স্বপ্ন ভুলে সন্তুষ্ট থাকতে হয় ‘পাড়ার ক্রিকেটার’ পরিচিতি নিয়ে।
উঠতি ক্রিকেটারদের ভবিষ্যৎ তারকা হওয়ার সিঁড়িটা আসলে দখল করে নিচ্ছেন কতিপয় ‘উঠতি ক্রিকেট সংগঠক’। তৃতীয় বিভাগ বাছাই তাই এখন আর খেলোয়াড় তুলে আনার মঞ্চ নয়, বিসিবির কাউন্সিলর হওয়ার ‘পাইপলাইন।’ একাডেমিগুলোর অভিযোগ, অসম্ভব মূল্যের এন্ট্রি ফির নিয়ম টুর্নামেন্ট থেকে দল কমানোর চক্রান্ত। একাডেমিগুলোর এত টাকা দেওয়ার সামর্থ্য নেই বুঝেই করা হয়েছে এই নিয়ম। তৃতীয় বিভাগ বাছাইয়ে এখন শুধু বিত্তবান প্রভাবশালীরাই দল দিতে পারে। এরপর নামমাত্র প্রতিদ্বন্দ্বিতায় তৃতীয় বিভাগে উঠে গেলেই সুগম হয়ে যায় ক্লাব মালিক হিসেবে বিসিবির কাউন্সিলর হওয়ার পথ।
গতবার যেমন পাঁচ লাখ টাকা এন্ট্রি ফি দিয়ে মাত্র দুটি দল নাম লিখিয়েছিল তৃতীয় বিভাগ বাছাইয়ে। কোনো রকম লিগ আয়োজন ছাড়া শুধু লটারির মাধ্যমে প্রথম ও দ্বিতীয় ঠিক করে এবার তৃতীয় বিভাগে খেলবে ঢাকা ক্রিকেট একাডেমি ও এক্সিওম ক্রিকেটার নামের ওই দুই দল। বিসিবির দাবি ছিল, নামসর্বস্ব একাডেমিগুলোকে বাদ দিতেই বাড়ানো হয় এন্ট্রি ফি। কিন্তু তৃতীয় বিভাগ বাছাইয়ে নাম লেখাতে হলে একাডেমিগুলোর সমাজসেবা অধিদপ্তরের নিবন্ধন থাকতে হবে, এমন নিয়ম তো আছেই! তাহলে আর অবাস্তব এন্ট্রি ফির বোঝা চাপিয়ে দেওয়া কেন?
ওই সময়ে দায়িত্বে ছিলেন না বলে এ নিয়ে সিসিডিএমের বর্তমান প্রধান বিসিবি পরিচালক গাজী গোলাম মুর্তজা কোনো মন্তব্য করতে রাজি হলেন না। তবে আশা দেখালেন, ‘একাডেমিগুলো এন্ট্রি ফি কমানোর দাবি জানিয়ে যেসব যুক্তি তুলে ধরেছে, আমি তাদের সঙ্গে একমত। ব্যক্তিগতভাবে আমিও মনে করি এন্ট্রি ফি এখনকার চেয়ে অনেক কম হওয়া উচিত। সভাপতির সঙ্গে কথা বলে বিষয়টা বোর্ড সভায় তুলব।’
নানা রকম স্বার্থের আশায় বিসিবির সভাগুলোর দিকে তাকিয়ে থাকার লোকের অভাব হয় না। তবে পরবর্তী সভাটার দিকে নিশ্চয়ই তাকিয়ে থাকবে দেশের হাজার হাজার নবীন ক্রিকেটারও। তাদের সবার ‘স্বার্থ’ই অবশ্য এক-ভবিষ্যতের মাশরাফি-সাকিব হওয়া।