ক্রিকেটারদের এই তো জীবন!

ব্যাপারটি মেনে নেওয়া অবশ্যই কঠিন। একজন বাবার জন্য এর চেয়ে কষ্টের আর কী হতে পারে! অ্যালিস্টার কুক তো বলেও ফেললে, এটি কোনো ভালো বাবা বা স্বামীর কাজ হতে পারে না। বাবা হওয়ার মাত্র ১৮ ঘণ্টা যেতে না যেতেই যদি হাজার হাজার মাইল দূরের একটি দেশে রওনা দিতে হয়!
কুক বুকে পাথর বেঁধেই বাংলাদেশে এসেছেন। পিতৃত্বের অনুভূতি অনুভব করার সময় কোথায়! ইংল্যান্ডের টেস্ট দলের অধিনায়ক হিসেবে তাঁর কাঁধে যে গুরুদায়িত্ব! বাংলাদেশে দুটি টেস্ট, এরপর ভারতের মাটিতে কঠিন এক সফর। পিতৃত্ব অবশ্যই দারুণ একটি ব্যাপার, কিন্তু ইংল্যান্ড দলটা এমন এক সফরে এসেছে, এ সময় তিনি নিজে দেশে বসে থাকতে চাননি।
চট্টগ্রাম টেস্টেই অনন্য এক রেকর্ডের অধিকারী হবেন কুক। জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে টস করতে নামলেই হয়ে যাবেন ইংল্যান্ডের হয়ে সবচেয়ে বেশি টেস্ট খেলা ক্রিকেটার। কী অসাধারণ সম্মান! কিন্তু এই অনুভূতির বদলে কুকের মন পড়ে আছে হাজার হাজার মাইল দূরে নিজ দেশে। কুক বলেছেন, ‘সবাই জানে গত কয়েক দিন আমার জন্য কত আবেগময় ছিল...সন্তান জন্মের মাত্র ১৮ ঘণ্টা পরেই যখন আপনি তাদের ছেড়ে যাবেন, সেটা অবশ্যই আপনাকে পৃথিবীর সেরা বাবা বা স্বামীর অনুভূতি এনে দেয় না। কিন্তু এখানে যে দায়িত্ব নিয়ে এসেছি, তা তো পালন করতেই হবে। নিজের দেশের অধিনায়কত্ব করা বা দেশের হয়ে খেলা তো বিরাট গর্বের। এখানে ফিরে আসার ব্যাপারে পারিবারিকভাবে আমরা যে সিদ্ধান্ত নিয়েছি, সেটি নিতে এই ব্যাপারটিও একটা ভূমিকা রেখেছে।’
কুকের এই জীবন যে আন্তর্জাতিক ক্রিকেটারদের জীবনের করুণ দিকটাও তুলে আনে। একসময় তো ক্রিকেটারদের সঙ্গিনীদের বলাই হতো ‘ক্রিকেট উইডো’। সেই জাহাজের যুগে ব্র্যাডম্যানরা চার-পাঁচ মাসের জন্য চলে যেতেন ভিনদেশে। দেশে ফেরার সময় ‘ওরে নীল দরিয়া’র আকুতিমাখা গানই হয়তো থাকত তাঁদের কণ্ঠে। এ যুগে যাতায়াত অনেক সহজ হয়েছে, কিন্তু জীবন? মহেন্দ্র সিং ধোনি যেমন কদিন আগে রসিকতা করে বলেছিলেন, ‘আমার তো মনে হয়, আমার মেয়ে এখনো আমাকে ঠিকমতো চেনেই না।’
২০০ টেস্ট খেলতে পারবেন কি না, এমন প্রশ্নের জবাবে ১৩৩ টেস্ট খেলা কুক সেই পরিবারের প্রয়োজনের কথাটাই তুলে আনলেন, ‘এখন আমরা এত এত টেস্ট খেলি, ওটা তো হয়ে যেতেই পারে। তবে ভয়টা হলো, আরও ৭০টা ম্যাচ খেলতে হবে, এমন একটা লক্ষ্য নিয়ে এগোনো। এটা অনেক দূরের পথ। আর যদি একেবারে মন থেকে বলি, যতবারই ব্যাগ গুছিয়ে-টুছিয়ে নিজের পরিবারকে ছেড়ে বের হই, একটা প্রশ্নই মনে ভেসে আসে, এভাবে আর কত দিন?’