ক্রিকেটারদের টাকা কমিয়ে বাড়ানো হচ্ছে ক্লাবের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘প্লেয়ার বাই চয়েস’ নামক খড়্গে ঘরোয়া ক্রিকেট থেকে আয় কমে গেছে ক্রিকেটারদের। খেলোয়াড়দের মূল্যে লাগাম পরাতে ক্লাবগুলোর চাপে এ নিয়ে দ্বিতীয়বারের মতো বিতর্কিত ওই পদ্ধতিতে প্রিমিয়ার ক্রিকেট লিগের দলবদল হবে। ক্রিকেটারদের পারিশ্রমিক কমানো তো আছেই, ক্লাবগুলোর ভান্ডার সমৃদ্ধ করার অন্য উদ্যোগও নিয়েছে বিসিবি।
কাল গুলশানের একটি রেস্তোরাঁয় বিসিবির ওয়ার্কিং কমিটির সভায় ঢাকার বিভিন্ন লিগের ক্লাবগুলোর অনুদান ২০ থেকে ২৫ শতাংশ পর্যন্ত বাড়ানোর সিদ্ধান্ত হয়েছে। প্রিমিয়ার লিগের ক্লাবগুলো সর্বশেষ অনুদান পেয়েছে প্রায় ৭ লাখ টাকা করে। প্রথম বিভাগের প্রতিটি ক্লাব পেয়েছে ৩ লাখ ২৫ হাজার টাকা, দ্বিতীয় বিভাগের ক্লাবগুলো ১ লাখ ৩৭ হাজার টাকা এবং তৃতীয় বিভাগের ক্লাবগুলো প্রায় ৮০ হাজার টাকা করে। এর বাইরে প্রিমিয়ার লিগের ক্লাবগুলো এবারও পাবে বিপিএলের আয়ের ভাগ। তবে আগের চেয়ে প্রায় অর্ধেক কমে ক্লাবপ্রতি অঙ্কটা হতে পারে ১০ থেকে ১৫ লাখ টাকা। ১০ এপ্রিল প্লেয়ার বাই চয়েস। লিগ শুরু হবে এর ১০ দিনের মধ্যে।
যেকোনো লিগে একটি ক্লাবের মূল খরচটা হয় খেলোয়াড়দের পারিশ্রমিক বাবদ। সেটায় লাগাম পরানো মানে খরচও কমে যাওয়া। তো খরচ কমে যাওয়ার পরও ক্লাবগুলোর অনুদান কেন বাড়াতে হবে, তা একটা প্রশ্ন। তবে এই প্রশ্নের সন্তোষজনক উত্তর বিসিবির পরিচালকদের কাছে নেই। ক্লাব কর্মকর্তাও যে তাঁরাই! মিডিয়া কমিটির প্রধান জালাল ইউনুস অবশ্য সাংবাদিকদের ব্যাখ্যা দিতে চাইলেন। বৃষ্টির মৌসুমে খেলা বলে লিগে এবার রিজার্ভ ডে থাকবে। রিজার্ভ ডের বাড়তি খরচ জোগাতেই নাকি বাড়তি অনুদান।
‘প্লেয়ার বাই চয়েসের’ জন্য খেলোয়াড়দের পারিশ্রমিকও চূড়ান্ত হয়েছে কাল। আইকন খেলোয়াড়েরা পাবেন ৩০ লাখ টাকা, ‘এ’+ ২৫ লাখ, ‘এ’ শ্রেণি ২০ লাখ, ‘বি’+ ১৫ লাখ, ‘বি’ ১২ লাখ, ‘সি’ ৮ লাখ, ‘ডি’ ৫ লাখ ও ‘ই’ শ্রেণির ক্রিকেটাররা পাবেন সাড়ে ৩ লাখ টাকা। ২০১২-১৩ মৌসুমের তুলনায় পরিমাণটা কিছু বেশি। তবে স্বাভাবিক প্রক্রিয়ায় দলবদল হলে খেলোয়াড়েরা যে পারিশ্রমিক পেতেন বলে ধারণা, এসব তার অর্ধেকও নয়।
এবারের প্রিমিয়ার লিগে যোগ হচ্ছে নতুন আরেক নিয়ম। প্রতিটি ক্লাব চাইলে তাদের আগের দলের দুজন করে খেলোয়াড় রেখে দিতে পারবে। তবে তাদের পারিশ্রমিক দিতে হবে এবারের অঙ্কে। সভায় বিপিএলের চতুর্থ আসর আগামী নভেম্বরে আয়োজনেরও সিদ্ধান্ত হয়েছে।